ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট শেষে প্রায় এক মাসের ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। শুরুতে ফিটনেস নিয়ে কাজ করলেও সপ্তাহ দুয়েক পর স্কিল অনুশীলন শুরু হবে।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে এই ক্যাম্পে সুযোগ পেয়েছেন ৩০ জন ক্রিকেটার। ফিটনেস দিয়ে শুরু হতে যাওয়া ক্যাম্পের তত্ত্বাবধানে থাকার কথা জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের। কিন্তু ছুটি থেকে এখনই ফিরছেন না তিনি।প্রায় দুই সপ্তাহ স্থানীয় ট্রেনারের তত্ত্বাবধানে ক্যাম্পে থাকতে হবে ক্রিকেটারদের। আপাতত দায়িত্বে থাকবেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। তাকে সহায়তা করবেন আরেক ট্রেনার তুষার কান্তি হালদার।
ঈদের আগে ছুটিতে যাওয়া ভিল্লাভারায়নের ফেরার কথা ছিল ক্যাম্প শুরুর সপ্তাহ খানেক আগেই। কিন্তু গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে ফিরতে পরিবারের সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে তাকে।
এ ব্যাপের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান, ‘পারিবারিক কারনেই ভিল্লাভারায়ানের আসতে একটু দেরি হচ্ছে। ও পুরো পরিবার নিয়ে বাংলাদেশে থাকলেও এখন অস্ট্রেলিয়া নাকি শ্রীলঙ্কাতে থাকবে-এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই একটু দেরি হচ্ছে। আশা করি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে।’
ইংল্যান্ড আসুক বা না আসুক, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এই ক্যাম্পটি গুরুত্বপূর্ণ। তাইতো দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে আসন্ন ক্যাম্পে সিরিয়াস থাকার ঘোষণা।
মঙ্গলবারে আলাপচারিতায় জাতীয় দলের অধিনায়ক মাশরাফি জানান,' এই ক্যাম্পটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে অনেক খেলা আছে। এই ক্যাম্পে পরিশ্রম করলে সামনের টুর্নামেন্টগুলোতে ভালো করা আমাদের সম্ভব হবে।’ মাশরাফির কথার সঙ্গে সুর মিলালেন তামিমও। তার মতে, ‘ভিল্লাভারায়েন না থাকলে একটু সমস্যা হবে। তবে সিনিয়র ক্রিকেটারদের এ ব্যাপারে দায়িত্ব নেওয়ার কথা বলেন তিনি।’
এদিকে শুরুতে জাতীয় দলের ট্রেনার না থাকলেও সমস্যা দেখছেন না জালাল ইউনুস। তিনি বলেন, 'প্রথম দিকে শারীরিক কিছু কাজ করানো হবে। এর জন্য আপাতত আমাদের স্থানীয় ট্রেনারাই যথেষ্ট। জাতীয় দলের কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে চলে আসবে।'
পুরো কোচিং স্টাফ আগামী মাসের শুরুতে ফিরে আসার কথা থাকলেও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল আসবেন কিনা এ ব্যাপারে বিসিবি এখনও কিছু জানে না। বিষয়টি জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘হ্যালসেল কবে আসবে এটা বলতে পারছি না। যাদের আগে দরকার তারা চলে আসবে।’
ভিল্লাভারায়ন-হাথুরুসিংহেরা ফিরে আসার আগেই দেশে ফিরে গেছেন বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার অস্ট্রেলিয়ার ব্রেট হ্যারপ। আনুষ্ঠানিক কারণ 'পারিবারিক সমস্যা'। তবে বিসিবির সূত্র জানিয়েছে, গুলশান হামলার পর পারিবারিক উদ্বেগেই কারণেই তিনি ফিরে গেছেন। সেই হিসেবে অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড হ্যালসেল ফিরছেন না-এটা প্রায় নিশ্চিত!
উল্লেখ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা ইংলিশদের। যদিও গুলশান হামলার পর ইংল্যান্ড সিরিজের ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনও জানায়নি বিসিবিকে। আগের শিডিউল অনুযায়ী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
একই মাঠে ২০ থেকে ২৪ অক্টোবর হবে প্রথম টেস্ট। আর ২৮ অক্টোবর থেকে মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের ও টেস্ট সিরিজের আগে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা।
৩০ সদস্যের প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানী, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
/আরআই/এমআর/