বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানে খেলার আগ্রহ তৈরি করতে এবার বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। পাকিস্তান সুপার লিগের আগামী মৌসুমে লাহোরে খেলতে রাজি হলে বিদেশিদের অতিরিক্ত ২০ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে বসবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। প্রথম দিকে শোনা গিয়েছিল দ্বিতীয় আসরও বসবে আরব আমিরাতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে এই আসর হোক লাহোরেই। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের প্রলুব্ধ করতেই এই বাড়তি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। লাহোরে খেলতে রাজি থাকা প্রতি বিদেশি ক্রিকেটারকে বাড়তি ২০ হাজার ইউএস ডলার (বাংলাদেশ টাকায় প্রায় ১৬ লাখ) বোনাস দেবে তারা।
পিএসএলের চেয়ারম্যান নিজাম শেঠি লাহোরে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা ন্যূনতম ২০ হাজার ইউএস ডলার দেয়ার প্রস্তাব দিচ্ছি, যারা (বিদেশি) খেলতে রাজি আছে লাহোরে।’
শুধু টাকা দিলেই তো আর বিদেশিরা পাকিস্তানে খেলতে পারবেন না। সেক্ষেত্রে প্রয়োজন হবে নিজ নিজ ক্রিকেট বোর্ডের অনুমতি? এ বিষয়েও আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, পিএসএল-এর প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
/এমআর/