ক্রিকেটের যে কোনও ফরম্যাটই হোক না কেন রান করেই চলেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে শতকের দেখা পেয়েছেন এই ভারতীয় রান মেশিন। কোহলির অপরাজিত ১৪৩ রানের সুবাদে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করেছে ভারত। এটি কোহলির টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। কোহলির সঙ্গে ২২ রান নিয়ে অপরাজিত আছেন রবীচন্দ্র অশ্বিন। আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন এই দুজন। এদিন ৮৪ রান করে আউট হওয়া শিখর ধাওয়ান সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তেই পারেন।
এর আগে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। মন্থর উইকেটে ভারতের শুরুটা সহজ ছিল না। সুশৃঙ্খল বোলিংয়ে প্রথম সেশনে অতিথিদের টপ অর্ডারের ভালো পরীক্ষাই নেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা।
দলীয় ১৪ রানের মাথায় গ্যাব্রিয়েলের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুরলি বিজয় (৭)। দলীয় ৭৪ রানে বিশুর বলে ব্রাথওয়েটের হাতে ক্যাচ তুলে ফেরেন চেতেশ্বর পুজারা (১৬)। এরপর কোহলির সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন ধাওয়ান। ব্যক্তিগত ৮৪ রানে বিশুর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। একাদশে জায়গা হারানোর শঙ্কায় থাকা ধাওয়ান ৯টি চার আর একটি ছক্কায় ১৪৭ বলে করেন ৮৪ রান।
দিনের শেষ সেশনে ফিরে যান অজিঙ্কা রাহানে (২২)। বিশুর বলে পুল করতে গিয়ে মিডউইকেটে ড্যারেন ব্রাভোকে সহজ ক্যাচ দেন তিনি। প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে ভারত। কোহলি ১৪৩ ও রবিচন্দ্রন অশ্বিন ২২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে এরই মধ্যে তারা গড়েছেন ৬৬ রানের জুটি। দ্বিতীয় নিজের ইনিংস কতদূর নিয়ে যান কোহলি সেটাই দেখার বিষয়।
/এমআর/