সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন পর্ব শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নাসির হোসেন। তারই চুম্বক অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো-
প্রশ্ন : বিদেশি কোচিং স্টাফ ছাড়াই ট্রেনিং চলছে। কোনও সমস্যা হচ্ছে কিনা?
নাসির : ট্রেনিংয়ে কোনও সমস্যা হচ্ছে না। ফিটনেস জিনিসটা সম্পূর্ণ নিজের ওপর। বিদেশি কোচ বলে কথা না, আপনি নিজে চেষ্টা না করলে ফিটনেস উন্নতি করা সম্ভব নয়। আমরা সবাই নিজে থেকে চেষ্টা করছি। ফিটনেসের তো তেমন বেসিক কিছু নেই। শুধু রানিং আর ছোটখাটো যা আছে সেসব দেখার জন্য তো ইফতি ভাই আছেই।
প্রশ্ন : ইংল্যান্ডের আসা নিয়ে আপনাদের মধ্যে কোনও শঙ্কা আছে কিনা?
নাসির : এটা নিয়ে কেউ চিন্তা করছে না। আমাদের সবার ফোকাস নিজেদের ফিটনেস উন্নতি করার দিকে।
প্রশ্ন : গত বছর অনেক সাফল্যও এসেছে। এবার অনেকদিন পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। কতোটা কঠিন হবে বলে মনে করেন?
নাসির : আমরা হয়তো অনেকদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছি না। তারপরও আমাদের ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা থাকবে। যতদূর জানি সিরিজ শুরু হওয়ার আগে আমরা নিজেদের মধ্যে পাঁচ-সাতটা অনুশীলন ম্যাচ খেলবো।
প্রশ্ন : সিরিজ হলে ১৪ মাস পরে টেস্ট হবে। একটা দেশের জন্য এটা কতোটা কঠিন?
নাসির : টেস্ট অবশ্যই কঠিন। আমাদের দেশের কন্ডিশনে বাংলাদেশের জন্য একটু হলেও কঠিন। আমি শেষ কবে টেস্ট খেলেছি আমার মনে নেই। অবশ্যই আমাদের জন্য অনেক কঠিন হবে। যত বেশি টেস্ট খেলবো ভালো করার সুযোগ তত বেশি থাকে।
প্রশ্ন : ওয়ানডেও খেলবেন ১০ মাস পর। এটাও চ্যালেঞ্জ কি না?
নাসির : আমাদের প্রধান লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখা। আমরা ১০ মাস ধরে হয়তো ওয়ানডে খেলিনি। তবে আমার মনে হয় এটায় কোনও প্রভাব ফেলবে না।
প্রশ্ন : প্রিমিয়ার লিগে রান করেছেন, নিশ্চয়ই আত্মবিশ্বাসী?
নাসির : রান করলে আত্মবিশ্বাস বাড়বে এটাই স্বাভাবিক। আর প্রিমিয়ার লিগের কথা বললে, দুই-একটা ম্যাচ ছাড়া আল্লাহর রহমতে মোটামুটি ভালোই খেলেছি। আমি যে জায়গাটায় ব্যাটিং করেছি সেখানে খুব বেশি ওভার থাকে না। হয়তো ১৫-২০ বা ২৫-২০ ওভার পেয়েছি। আমি সেখানে সর্বোচ্চ রান করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমি প্রিমিয়ার লিগের পারফরম্যান্স নিয়ে খুশি।
প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনি নিয়মিত খেলেননি। ইংল্যান্ড সিরিজ নিয়ে কী প্রত্যাশা?
নাসির : এটা আসলে আমার হাতে নেই; এটা ম্যানেজমেন্টের হাতে। আমি সাধ্যমত চেষ্টা করছি। অবশ্যই আমার ইচ্ছা থাকবে টি-টোয়েন্টি, টেস্ট বা ওয়ানডেসহ সব ফরম্যাটে খেলা।
প্রশ্ন : আপনার জায়গায় রিয়াদ, শুভাগত আছেন। সৈকত প্রিমিয়ার লিগে দারুণ খেলেছে। স্পিন অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে সুযোগ পাওয়া কতটা কঠিন হয়ে গেলো?
নাসির : শুধু আমার জায়গা নয়; জাতীয় দলে সবার জায়গাই অনেক কঠিন হয়ে গেছে। জাতীয় দলে এখন কেউ বলতে পারবে না কারও জায়াগা ফিক্সড! সবার জন্যই উন্মুক্ত আছে। কে কখন জাতীয় দলে ঢুকবে- এটা বলা কঠিন। সবখানেই প্রতিযোগিতা অনেক বেড়েছে।
প্রশ্ন : ২০১৩-১৪ সালের পারফরম্যান্স দেখে কখনোই মনে হয়নি আপনি দলের বাইরে চলে যাবেন। প্রতিযোগিতা আছেই; কিন্তু আপনার কি মনেহয় ওই জায়গাটায় আপনার ঘাটতি আছে?
নাসির: ক্রিকেটারদের জীবনে সব মৌসুম এক রকম যায় না। আমারও যায়নি। আমিও চাইনি প্রতিযোগিতায় যেতে। নিজের আরও উন্নতি করার চেষ্টা থাকবে।
/আরআই/এফআইআর/