তবে জানা গেছে, এই চোট ততটা গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়মিতই মুস্তাফিজের খোঁজ খবর রাখছে। তবে ইনজুরি যেমনই হোক দেশে এখনই ফিরছেন না তিনি। বড় ধরনের ইনজুরি হলেও মুস্তাফিজকে ইংল্যান্ডে রেখেই চিকিৎসা করানোর পক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমনটাই জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আজ একজন স্পেশালিস্টকে দেখাবে মুস্তাফিজ। যেহেতু ইংল্যান্ডে আমাদের থেকে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে তাই আমরা এ সুযোগটা হাতছাড়া করবো না। তবে এটা জানা যায়নি ইনজুরিটা আসলে কতটুকু।’
তবে বড় ধরনের ইনজুরি হলেও মুস্তাফিজকে ইংল্যান্ডে রেখেই চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন বিসিবির এই পরিচালক। তিনি মনে করেন, ‘মুস্তাফিজ হালকা ব্যথা অনুভব করছে সেটাই আমি জানি। এ জন্যই আসলে তাকে খেলানো হয়নি। আমাদের ওইভাবে প্রেসক্রিপশন করা আছে, যদি হালকা ব্যথা থাকে ওই ব্যথা নিয়ে না খেলানোর। কিন্তু এখনই দেশে আনার কথা ভাবছি না। যদি বড় কোনও ইনজুরিও হয় তাহলে আমার মতে বোর্ডেরও উচিৎ ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা।’
বিসিবি যেভাবে মুস্তাফিজের চিকিৎসা করায় সেখানে কতোটা আন্তরিক থাকবে সাসেক্স? এমন প্রশ্নে সুজন বলেন, ‘তা তো অবশ্যই। কারণ যেহেতু সে চুক্তিবদ্ধ খেলোয়াড়, ইনস্যুরেন্স তো থাকবেই। যদি নাও থাকে তাহলে বোর্ড থেকে ওকে সেরা চিকিৎসাটা দিয়ে আনার চেষ্টা করবো।’
উল্লেখ্য, ২৭ জুলাই ওয়ানডে কাপের দ্বিতীয় ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কিনা-এটা জানতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে মুস্তাফিজ ভক্তদের।
/আরআই/এফআইআর/