টি-টোয়েন্টির কারণে ফর্মহীনতায় সৌম্য?

চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১৬টি। যার সবকটিই আবার টি-টোয়েন্টি ম্যাচ। জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর ঘরের মাঠে এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। যার সবগুলো ম্যাচেই খেলেছেন সৌম্য সরকার। কিন্তু টি-টোয়েন্টিতে তার ব্যাট সেভাবে হাসেনি। ১৬ ম্যাচে তার সর্বোচ্চ রান ৪৮ আর মোট রান ২৫৫। একজন ওপেনারের সঙ্গে যা একদমই বেমানান।

অথচ চলতি বছর টি-টোয়েন্টি খেলার আগে ওয়ানডেতে বিস্ময় জাগানিয়া ব্যাটিং করেছিলেন সৌম্য। গত বছর ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ রানের ইনিংস ছিল তার। কিন্তু টি-টোয়েন্টিতে ফিরেই যেন ব্যাটপ্যাচে পড়ে গেলেন সৌম্য। আর নিজেও সেটা মানছেন। তাইতো এই ফরম্যাটে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। নিজের খারাপ সময় নিয়ে সৌম্য বলেন, ‘টি-টোয়েন্টি খেলার পরই আমার ছন্দে সমস্যা দেখা দিয়েছে। চেষ্টা করছি এই ফরম্যাটটি নিজের মধ্যে নিতে। কিন্তু আমি নিতে পারিনি। ভুলের সংখ্যাটা বেশি ছিল। এরপর আবার প্রিমিয়ার লিগ শুরু হল। সেখানে খারাপ সময় পেছনে ফেলতে পারিনি। আমার মনে হচ্ছে, টি-টোয়েন্টির কারণেই ছন্দটা হারিয়ে ফেলেছি। ছন্দ ফিরে পাওয়ার জন্য প্রিমিয়ার লিগে স্লো খেলেছি। পরের দিকে আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগের শেষ দিকে ভালো খেলেছি।’

নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য সামনে স্কিল অনুশীলন শুরু হলে সেখানে বাড়তি সময় দেবেন বলে জানান সৌম্য। তিনি বলেন, ‘নিজের উন্নতির জন্য কাজ করছি। আগামী মাসের শুরুতে স্কিল অনুশীলন শুরু হলে সেখানে নিজের ব্যাটিংয়ের উন্নতি করার চেষ্টা করবো।’

/আরআই/এফআইআর/