পুরোপুরি ফিট হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন রুবেল হোসেন। সেখানে শুরুতে পুরো রিদমে না থাকলেও আস্তে আস্তে নিজেকে ফিরে পান তিনি। সবমিলিয়ে ঢাকা লিগে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সবচেয়ে সফল বোলার তিনি।
গত দুই সপ্তাহ ধরে চলছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। রুবেলের আপাতত লক্ষ্যে চলতি ক্যাম্পে নিজের ফিটনেসের উন্নতি করা। তিনি বলেন, 'আমি অনেকদিন ধরে ইনজুরিতে ছিলাম। ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করছি ফিটনেসটা আরও বাড়িয়ে নিতে। নির্বাচকরা পছন্দ করলে হয়তো সামনের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবো। সেখানে সুযোগ পেলে আমি আমার সেরা খেলাটা খেলার চেষ্টা করবো।’
জাতীয় দলে রুবেল হোসেন তার গতির কারণেই বিখ্যাত। এছাড়া সময় মতো ইয়র্কার দেওয়ার জুড়ি নেই তার। ইনজুরির কারনে গতি কমছে বলে অনেক মনে করলেও রুবেল তা মনে করেন না। তিনি বলেন, ‘আমার মূল শক্তি জোরে বোলিং করা। ইয়র্কার আমার মূল শক্তির জায়গা। মূলত আমি আমার বোলিংয়ে পেস বাড়ানোর জন্য অনেক হার্ডওয়ার্ক করছি। আমার কাছে মনে হয়নি গতি খুব একটা কমেছে। সর্বশেষ প্রিমিয়ার লিগে আমার কাছে মনে হয়েছে আমি আমার স্বাভাবিক গতিতে বোলিং করেছি।’
/আরআই/এমআর/