আকিব জাবেদ সবুজ সংকেত দিলে পরীক্ষা দেবেন তাসকিন

তাসকিনভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলকালীন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেও ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলেছেন তাসকিন। সদ্য শেষ হওয়া ঢাকা লিগে দারুণ বোলিং করে চার মৌসুম পর আবাহনীকে শিরোপা জিতিয়েছেন। ২৬ উইকেট নিয়ে যৌথভাবে লিগের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। একইসঙ্গে চলছে তার বোলিং অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া।

নিয়ম অনুযায়ী আবারও পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন সঠিক প্রমাণিত করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

বুধবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, পরামর্শক হিসেবে ঢাকায় আসা পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদ তাসকিনের অ্যাকশন পর্যবেক্ষণ করনে। তিনি সবুজ সংকেত দিলেই আইসিসি অনুমোদিত ল্যাবে আবারও পরীক্ষা দিতে যাবেন তাসকিন।
তিনি জানান, তাসকিন-সানির অ্যাকশন দেখার জন্য আকিব জাভেদের কাছে সহযোগিতা চাওয়া হবে। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই আইসিসির ল্যাবে পরীক্ষা দিতে পাঠানো হবে এই দুই বোলারকে।

একইসঙ্গে পাপন আরও জানান, খেলোয়াড়রা আগ্রহ প্রকাশ করায় এই মেয়াদ শেষে আবারও আকিব জাবেদকে পরামর্শক হিসেবে আনা হবে। তিনি বলেন, 'প্লেয়াররা আকিব জাবেদের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে আবারও পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে।'

/আরআই/এমআর/