নিরাপত্তা দলের ওপরই নির্ভর করছে ইংল্যান্ড সিরিজের ভাগ্য

1গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সিরিজে আসবে কী আসবে না সেটা স্পষ্ট করে কিছু বলেনি।

বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এ কারণে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের একটি নিরাপত্তা দল ভারত সফরে আসবে। তারা নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখবে। ওই দলটিই আসবে বাংলাদেশে। এখানে তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না।’

আগামী অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংলিশ ক্রিকেট দলের। এক মাসের এ সফরে অংশ নেওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ডের ক্রিকেটারদের।

তবে গুলশান হামলার পরিপ্রেক্ষিতে ওই সফর নিয়ে সংশয় তৈরি হয়েছে।

/এমআর/