১০৩ রানে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলস। ওপেনিংয়েই তারা তুলে ফেলেছেন ১২০ রান। ইদানিং রান করাকে ডালভাত বানিয়ে ফেলেছেন কুক। তিনি অপরাজিত রয়েছেন ৬৩ রানে। ৯৬ বলে খেলা তার এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। কুকের সঙ্গি হেলস ঠিক ৫০ রানে অপরাজিত আছেন। এই রান করতে তাকে খেলতে হয়েছে ১১৬ বল। চার মেরেছেন নয়টি। ইংল্যান্ডের উইকেট পড়েনি তাই পাকিস্তানের পেসারদের উইকেট পাওয়ারও কোন কারণ নেই।
এদিন আগের দিনের ৩ উইকেটে ২৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন ইউনিস খান ও মিসবাহ-উল-হক। আগের দুই টেস্টের মতো বর্ষিয়ান সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনিস ফের ভালো শুরু করেও নিজের ইনিংসটিকে লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ২৭৪ রানে তিনি ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ব্যক্তিগত ৩১ রানে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন। ১৮ বল খেলে শুণ্য রানে ফিরে গেছেন ধারাবাহিক ভালো খেলতে থাকা আসাদ শফিক।
এরপর মিসবাহ উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে ৫৮ রান যোগ করেন। লর্ডস টেস্টের সেঞ্চুরিয়ান মিসবাহ এদিন ৫৬ রান করেছেন ১০৬ বলে। চার মেরেছেন ছয়টি। মিসবাহ ফিরে যাওয়ার পর একপ্রান্ত দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া আসার মিছিল দেখেছেন সরফরাজ। শেষ পর্যন্ত তিনি ৯১ বল খেলে ৪৬ রানে অপরাজিত ছিলেন।
/এমআর/