শ্রীলঙ্কা সফরে অবশেষে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার মাটিতে তিন টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে স্টিভেন স্মিথের দল।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ২২৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৮০ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। ৬৭ রান করেন কুশল মেন্ডিস। এই দুই ব্যাটসম্যান ছাড়া লঙ্কানদের পক্ষে আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেন নি।
অজিদের হয়ে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন মিচেল স্টার্ক। ৪ উইকেট নেন জেমস ফকনার। এই ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন স্টার্ক। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট শিকার করার গৌরব অর্জন করেছেন তিনি। মাত্র ৫২ ম্যাচ খেলেই এমন কীর্তি গড়েছেন স্টার্ক।
২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্রুতই জয় নিশ্চিত করে অজিরা। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক স্মিথ ৫৮ এবং অ্যারন ফিঞ্চ ৫৬ রান করে অজিদের জয়ের ভিত গড়ে দেন। এছাড়াও অধিনায়ক জর্জ বেইলির ব্যাট থেকে আসে ৩৯ রান। ৪৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
লঙ্কানদের পক্ষে দিলরুয়ান পেরেরা ৩ টি এবংঅভিষিক্ত চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্দাকান ২ টি উইকেট শিকার করেন।
/এমআর/