সোমবার দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কাটার মাস্টার। সেখানে নিজের বর্তমান অবস্থা নিয়ে তিনি কথা বলেন।
এখন থেকে চার সপ্তাহ পর মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এর আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন তিনি। মুস্তাফিজ জানান, ‘এখন ভালো আছি। কাজ করতে করতে আরও ভালো হবে। অস্ত্রোপচারের পর দেবাশীষ দাদা আমাকে কাজ দেখিয়ে দিয়েছেন। চার সপ্তাহ পর থেকে আমার কাজটা বাড়তে থাকবে।’
আগের অভিজ্ঞতা থেকে মুস্তাফিজ মনে করেন ইনজুরির সময়গুলো ভালো কাটবে না তার। তিনি জানান, ‘অনূর্ধ্ব-১৯ দলে থাকতে দুইবার ইনজুরিতে পড়েছিলাম। এবারও ইনজুরিতে পড়লাম। এই সময়গুলো ভালো যায় না। সামনে ভালো যাবে কিনা জানি না। দেখা যাক কী হয়।’
অস্ত্রোপচারের পর ১০ দিন কেটে গেছে মুস্তাফিজের। সোমবার নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘এখন অনেক ভালো আছি।’
/আরআই/এফআইআর/