ফিটনেসে অনেক এগিয়ে আশরাফুল

000par2585359-1403103319গত ১৩ আগস্ট নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা করতে হবে আরও দুই বছর। আপতত ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। এই লক্ষ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আশরাফুল।

নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই বিসিবির সুযোগ সুবিধা নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও তার অনুশীলনে নেই কোন সঙ্গী। সোমবার মিরপুরে এসে এইচপির ট্রেনার কোরে বকিংয়ের কাছে ফিটনেস পরীক্ষা দিয়েছেন আশরাফুল। আর ফিটনেস দিয়ে ভালো সংবাদ পেয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।

অস্ট্রেলিয়ান এই ট্রেনার জানিয়েছেন, খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়েও ভালো ফিটনেস আছে আশরাফুলের। সোমবার বকিংয়ের কাছে ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে একাডেমি মাঠে আটটি চক্কর দেন আশরাফুল। যা দুই কিলোমিটারের সমান। সময় নিয়েছেন নয় মিনিট। এটা দেখে বকিং জানান ভালো অবস্থাতেই আছেন আশরাফুল। কারণ আটবার চক্কর দিতে সবচেয়ে কম সময় নেওয়া মেহেদি হাসান মিরাজের সময় লাগে ছয় মিনিট।

আশরাফুলের ফিটনেসের বিষয়ে কোরে বকিং বলেন, ‘সাড়ে তিন বছর পর ও যে এমন ফিটনেস পরীক্ষা দিতে পেরেছে এটা অনেক ভালো একটা ব্যাপার। খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়ে সে ভালো অবস্থায় আছে। সব মিলিয়ে ও ভালো অবস্থাতেই আছে।’

যদিও এটা বিসিবির কোনও কার্যক্রম নয়। নিজের ফিটনেস অবস্থা দেখতে আশরাফুল নিজে থেকেই বকিংয়ের দ্বারস্থ হয়েছেন। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এটা বিসিবির কিছু ছিল না। আমার ব্যক্তিগত কাজ। দেখলাম ঠিক কোন অবস্থাতে আছি আর ফিটনেসের কী নিয়ে বেশি কাজ করতে হবে। ফিটনেস পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে ভালোই হয়েছে।’

/আরআই/এমআর/