রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ সফরে যেতে বললেন ভন

মাইকেল ভন।বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারের রয়েছে আশঙ্কা। আর সেই আশঙ্কা বাদ দিয়েই নিরাপত্তা প্রতিনিধিদের কথামতো বাংলাদেশ সফরে যেতে বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সঙ্গে রাজনৈতিক কূটকৌশলও এড়িয়ে যেতে বলেছেন সাবেক এই ক্রিকেটার। টেলিগ্রাফের এক কলামে ভন লিখেছেন ‘আমি বুঝতে পারছি ইংল্যান্ড ক্রিকেটাররা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমি মনে করি তাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের কথা বিশ্বাস করা উচিত এবং সফরে যাওয়া উচিত।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে কোনও সফরে অনিরাপদ অনুভব করিনি। যারা করছেন তারা এ কারণেই করছেন কারণ তাদের আশেপাশের লোকজন ওই রকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। বর্তমানে ইন্টারনেটের কারণে আমরা সহজেই সব কিছু জানতে পারছি। আর আমাদের পরিবার এসবকিছু পড়েই শঙ্কিত হয়ে উঠছে। আর এরপরেই ছোটখাটো বিষয় মনের মধ্যে গেঁথে নিচ্ছে।’  

/এফআইআর/