অনেক পুরনো একটা অভিযোগ আছে ওয়ানডে নিয়ে। পাঁচ ম্যাচের সিরিজে আগেই কোনও দল সিরিজ নিশ্চিত করলে বাকি ম্যাচগুলো হয়ে যায় অর্থহীন। সেদিকে নজর দিয়েই দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা আইসিসির। সেই লক্ষ্যে ওয়ানডেকে লিগ পদ্ধতিতে এনে প্রত্যেক দল একে অন্যের সঙ্গে খেলে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাট জানিয়েছেন, সিরিজের পারফরম্যান্স ২০২৩ সালের বাছাই পর্ব হিসেবে কাজ করবে।
২০২৩ সালের বিশ্বকাপের আগে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৩ দলের সবাই একে অন্যের সঙ্গে অন্তত একটি সিরিজ খেলবে। তিন বছরের এই লিগের মাধ্যমে যারা বিশ্বকাপে জায়গা পাবে না, সেই সব দল ক্রিকেটের বিশ্ব আসরে জায়গার জন্য খেলবে প্লে অফ। একই চিন্তা-ভাবনা কুড়ি ওভারের বিশ্ব আসরেও। বিবেচনায় থাকা এই পদ্ধতি চালু হলে বাংলাদেশ আরও বেশি সুযোগ পাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার। তখন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো দলের সঙ্গে একবার হলেও দেখা হবে বাংলাদেশের।
/কেআর/