রুমানার ঐতিহাসিক হ্যাটট্রিকে সিরিজ বাংলাদেশের



রুমানার হ্যাটট্রিক

বেরসিক বৃষ্টি মাঠেই নামতে দিচ্ছিলো না। প্রথম ওয়ানডেতে তো একটা বলও হয়নি, দ্বিতীয় ম্যাচে অবশ্য সুযোগ হয়েছিল মাঠে নামার। আয়ারল্যান্ড মহিলা দলের বিপক্ষে বাংলাদেশ মহিলা দলের ওয়ানডে সিরিজের এই ছিল অবস্থা। অবশেষে তৃতীয় ও শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ করেছে বাজিমাত। আইরিশ মেয়েদেরকে তাদের মাঠেই ১০ রানে হারিয়ে ১-০তে জিতে নিয়েছে সিরিজ। আর এই জয়ের পথে ইতিহাস লিখেছেন রুমানা আহমেদ। বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছেন এই স্পিনার।
রুমানার দুর্দান্ত বোলিংই আসলে ৪০.১ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিল। তার তিন উইকেটের সঙ্গে খাদিজাতুল কুবরা ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট শিকার করলে ৩৭.৫ ওভারে আয়ারল্যান্ড অলআউট হয় ৯৬ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই পড়ে চাপে। সবার ব্যর্থতার মাঝে একাই লড়ে গিয়েছেন ওপেনার সানজিদা ইসলাম। দলের সর্বোচ্চ ৩৩ রানের ইনংসটি খেলেছেন তিনিই। আর শেষ দিকে ঋতু মনি (১৩), অধিনায়ক জাহানারা আলম (১৪) ও নাহিদা আক্তারের (১১) ছোট ছোট ইনিংসগুলোর ওপর দিয়ে বাংলাদেশ ১০০ পেরোয়। ওই লক্ষ্যটাই আইরিশ মেয়েদের জন্য কঠিন করে তোলে বাংলাদেশ। এক সময় ৪ উইকেটে ৭৯ রান করা আয়ারল্যান্ড মাত্র ৬ রান যোগ করতে হারায় ৫ উইকেট! ওই সময়টাতেই রুমানা ইতিহাস গড়েন হ্যাটট্রিক করে। এই পারফরম্যান্সের জন্য সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই লেগ স্পিনার।
/কেআর/