বুধবার ঢাকায় পা রেখেই শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুইদল। টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সবগুলো ম্যাচই ডে-নাইট ম্যাচ হবে। দুপুর আড়াইটা থেকে শুরু হবে ম্যাচগুলো।’
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিট ছাপা হয়ে গেছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। ২-১ দিনের মধ্যে কোন ব্যাংকে কীভাবে ক্রিকেট ভক্তরা টিকিট পাবেন-সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারবে বিসিবি, ‘ইতোমধ্যেই টিকিটের ডিজাইন সম্পূর্ণ। সব তৈরি এমনকি ছাপাও হয়ে গেছে। গত জুনে টিকিট রাইটসের স্পন্সরের মেয়াদ শেষ হয়ে গেছে তাই আমরা এগুলোর টেন্ডার করেছিলাম, তা ফাইনালাইজও হয়ে গেছে। নতুন কোনও কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পসর খোঁজার জন্য। যেহেতু টিকিটের জন্য একজন স্পন্সর দরকার, এই স্পন্সরের জন্য আমরা অপেক্ষা করছি। আজ-কালকের মধ্যেই টিকিট ছেড়ে দিতে পারবো।’
এদিকে এবার নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ার কারণে দর্শকদের করণীয় অনেক কিছুই রয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে জালাল ইউনুস বলেন, ‘এবার নিরাপত্তা ব্যবস্থা কঠিন থাকবে। আগে দর্শকরা ঢোকার সময় মেইন গেটে চেকিং হতো। এখন অনেক আগে থেকেই চেকিং হবে। ফিজিক্যাল চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে। বিশেষ করে যারা ব্যাগ আনবে, এমনকি সঙ্গে যদি অন্য কিছুও আনে।’
/আরআই/এফআইআর/