সিরিজের পূর্ব স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা ধার্য করা হয়েছে। আর সর্বোচ্চ ১০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের (উত্তর/দক্ষিণ) টিকিট। এছাড়া শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা ও উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে টিকেটের মূল্য প্রকাশ করে।
অনলাইনে একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। এ জন্য ‘সহজডটকমের’ নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। যেটি একটি মোবাইল নাম্বার ও ফটো আইডি দিয়ে পূরণ করতে হবে। আর টিকিটের মূল্য মোবাইল ক্যাশ ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে। এরপর রাজধানীর নির্ধারিত ৭টি লোটোর আউটলেটে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এ সময় ক্রেতা যে মোবাইল নাম্বর দিয়ে ফরম রেজিস্ট্রেশনের পূরণ করবেন, ওই নাম্বারসহ মোবাইল নিয়ে যেতে হবে। পাশাপাশি ব্যবহার করা ফটো আইডিটিও নিয়ে যেতে হবে।
এ ব্যাপারে সহজ ডটকমের প্রধান নির্বাহী মালিহা কাদির জানান, ‘একজনের নামে কয়েকটি সিমের নিবন্ধন থাকতে পারে। তবে তিনি কেবল একটি সিম দিয়েই টিকিট কিনতে পারবেন। এছাড়া ক্রেতারা টিকিট কিনতে পারবেন ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতেও টিকিটের মূল্য পরিশোধ করা যাবে। টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা যেকোনও ফটো আইডি ও মোবাইল নম্বর লাগবে। ঢাকায় লোটোর আউটলেট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। কেনার সময় ব্যবহার করা পরিচয়পত্র ও মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।’
অনলাইনের পাশাপাশি আগের মতো মিরপুর ইনডোর স্টেডিয়ামে সরাসরি টিকিট বিক্রয় করা হবে। ম্যাচের দিন সকাল থেকে সরাসরি টিকিট কিনতে পারবে ক্রিকেটভক্তরা।
/আরআই/কেআর/