ফিটনেস ঘাটতিতেই আল-আমিন বাদ!

al-amin-2ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নির্বাচক কমিটি প্রথমবারের মতো দল ঘোষণা করেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে দল ঘোষণা করেছে বর্তমান নির্বাচক কমিটি।

এদিন ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়। মোসাদ্দেকই দলে একমাত্র নতুন মুখ। দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছেন মোসাদ্দেক হোসেন। তারই পুরস্কার পেলেন তরুণ এই অলরাউন্ডার। দলে ফিরেছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চলতি সিরিজের আগে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল ইতিবাচক হলে ১৩ জনের দলে যোগ দেবেন তিনি।

বাদ পড়েছেন অবশ্য গত কিছুদিনে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠা আল আমিন হোসেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শফিউল ইসলাম। প্রায় দুই বছর পর তিনি  ফিরলেন দলে।

আল আমিনের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আল আমিন এবং শফিউলকে নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা ফিটনেস এবং অন্যান্য সব কিছু নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে শফিউলকেই নিয়েছি। আমাদের সামনে আরও খেলা আছে, তাকে (আল-আমিন) ফেরানো হতে পারে। ’

আল আমিনের ফিটনেস ও ফিল্ডিং নিয়েও খানিকটা অসন্তুষ্টি আছে নির্বাচকমণ্ডলী ও টিম ম্যানেজমেন্টের। এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেছেন, ‘আল-আমিনের ব্যাপারে কিছু নেতিবাচক কথা উঠে এসেছে। ফিটনেস নিয়েও কথা এসেছে। ম্যানেজমেন্টের সঙ্গে এ সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। পরে আমরা শফিউলকেই বেছে নিয়েছি।’

শফিউল ফিল্ডিং ও অভিজ্ঞতার আল-আমিনের চেয়ে এগিয়ে; তাকেই পছন্দ করেছে নির্বাচক কমিটি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আল আমিনকে না নেয়ার ব্যাপার কোচের পছন্দ- অছন্দের কিছু নেই।  আল আমিন এবং শফিউলের ফিল্ডিং দেখেন, তাহলেই পার্থক্যটা চোখে পড়বে। বোলিংয়ে শফিউল অনেক অভিজ্ঞ। প্রিমিয়ার লিগে সে কী করেছে, এর আগে আন্তর্জাতিক ম্যাচে কী করেছে, সেটাও বিবেচনা করা হয়েছে। তাকে নেওয়ার ব্যাপারে নির্বাচন পদ্ধতিতে থাকা সবার সঙ্গে আলোচনা করা হয়েছে।’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর ঘরের মাঠে চারটি ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তিনি। প্রায় দুই বছর পর আবার ওয়ানডে দলে সুযোগ দিয়েছে বর্তমান নির্বাচক কমিটি। তাইজুলকে বেছে নেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক জানান, ‘তাইজুল মাঝখানে অসুস্থ ছিল। এখন ফিটনেস ফিরে পেয়েছে। সে অনেক দিন ধরে টেস্ট স্কোয়াডে আছে। এই কারণেই আমরা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাকে বিবেচনা করেছি।’

আফগানিস্তানের স্কোয়াডে তিনজন লেগ স্পিনার থাকলেও বাংলাদেশের স্কোয়াডে একজনও নেই। বিষয়টির ব্যাখা দিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা সব সময় লেগ স্পিনার চাই। এখন ওয়ানডেতেও লেগ স্পিনাররা ভালো করছে। এইচপিতে আমরা লেগ স্পিনারদের দেখেছি। ভবিষ্যতে আমরা হয়তো ভালো লেগ স্পিনার পাবো।’

/আরআই/কেআর/