বোলিং অ্যাকশনের খড়গ থেকে মুক্তি পাওয়া সানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবশ্যই, ভালো লাগার মতোই ব্যাপার। খুব ভালো লাগছে। খুব টেনশনে ছিলাম; পরীক্ষার পর থেকেই। বড় একটা ঝামেলা থেকে বাঁচলাম। এখন খুব শান্তি লাগছে। এ যেন মুক্তির আনন্দ।’
সানিকে অবশ্য রাখা হয়নি চূড়ান্ত দলের আগে ঘোষিত ২০ জনের ওয়ানডে পুলে। তাই চূড়ান্ত স্কোয়াডে স্বাভাবিকভাবেই নেই তিনি। মূলত নতুন অ্যাকশনে এই বাঁহাতি স্পিনারকে আরও অভ্যস্থ হওয়ার সময় দিতে চান নির্বাচকরা। সানির ভাবনাও অনেকটা তেমনই। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আপাতত ইংল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি না। ২৫ তারিখ থেকে জাতীয় লিগ শুরু হচ্ছে। সেখানেই ফোকাস করছি। পরেররটা পরে চিন্তা করা যাবে। জাতীয় দলের ভাবনটা আপাতত মাথায় নেই।’
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ মার্চ ধরমশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় আরাফাত সানির বোলিং অ্যাকশন। পরে চেন্নাইয়ে ১২ মার্চ বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। ১৯ মার্চ অবৈধ অ্যাকশনের দায়ে সানিকে নিষিদ্ধ করে আইসিসি। এর পর দেশে ফিরে অ্যাকশন শুধরে নেওয়ার কাজ করেন তিনি। দেশে অবৈধ বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে দেওয়া পরীক্ষাতে পাশ নাম্বারও পান। গত ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে অ্যাকশনের পরীক্ষা দিয়ে দ্বিতীয় পরীক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার বৈধতা পান তিনি।
/আরআই/কেআর/