আফগানদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চায় বাংলাদেশ

519A1628আফগানদের বিপক্ষে রবিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা। এরমধ্য দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামছে মাশরাফিরা। যদিও নামার আগে শনিবার শেষ অনুশীলনটা ঠিকভাবে করতে পারেনি টাইগাররা। সকাল সাড়ে দশটায় অনুশীলনে নামলেও সাড়ে ১১টায় বৃষ্টির বাধায় পণ্ড হয় টাইগারদের অনুশীলন।

এই সিরিজে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আইসিসির সহযোগী সদস্য হিসেবে খ্যাত আফগানিস্তানের। এর পরেও আফগানিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘অবশ্যই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। সর্বশেষ সিরিজে আমরা যেভাবে শেষ করেছি, সেভাবেই শুরু করতে চাই। ম্যাচের পরিস্থিতির কারণে অনেক সময় আমাদের রক্ষণাত্মক হতে হবে। শুরুতে অবশ্যই আমরা চাইবো আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে।’

ঘরের মাঠে গত বছর টানা চারটি সিরিজ জিতেছিল মাশরাফি বাহিনী। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতেছিল সাকিব-মুশফিকরা। এরপর কেটে গেছে ১০ মাস। টাইগাররা টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট খেললেও খেলেনি ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট। তাই একটু বিরতি পরায় অন্যসব সিরিজের মতোই আফগানিস্তান সিরিজকে কঠিন মনে করে মাঠে খেলার পরিকল্পনা করছেন মাশরাফি, ‘খেলোয়াড় হিসেবে আমাদের অবশ্যই এটাকে কঠিন সিরিজ ভাবা উচিত। গত দুই মাস ধরে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যে কঠোর অনুশীলন করেছি তার বাস্তবায়ন করার সুযোগ এই ম্যাচে দেখাতে হবে। প্রথম ম্যাচে সব কিছু ভালো হলে পরের ম্যাচে এমনিতেই সব ভালো হয়ে যাবে।’

শুক্রবার ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ৬৬ রানে জিতেছে বিসিবি একাদশের বিপক্ষে। তাই রবিবারের মূল ম্যাচের আগে এ নিয়ে উদ্বিগ্ন নন মাশরাফি, ‘কালকে কী হবে, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। খারাপ খেললে আমরা হারবো এটা নিশ্চিত। হার কিংবা জয় নিয়ে আমরা ভাবছি না। ইতিবাচক এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলার দিকেই আমাদের মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকতে হয়। চাপ থাকলে সুযোগগুলো পাওয়া যায়। চাপ থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম করতে আরও সাহায্য করে।’

/আরআই/এফআইআর/