সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

 

519A0852(1)-1আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে শনিবার। শেষ ম্যাচের আগে ১-১ সমতা দুই দলের। তাই শেষ ম্যাচটি অলিখিত ফাইনাল হয়ে আছে দুই দলের জন্য। আইসিসির সহযোগি সদস্য দেশের বিপক্ষে ম্যাচ হেরে কিছুটা মানসিক চাপে থাকলেও শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘সিরিজ জয়ের আত্মবিশ্বাস অবশ্যই আছে। আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। আমার কাছে মনে হয় না, আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি, সেগুলো এখন করতে পারছি। এতদিন যে সাফল্য পেয়ে এসেছি, তা একদিনের একটি ম্যাচ হেরে সব শেষ হয়ে যাবে।’

বাংলাদেশ ১০ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট মাঠে নেমেছিল। অন্যদিকে আফগানরা গত এক বছর খেলার মধ্যেই ছিল। যাদের সঙ্গেই তারা খেলেছে, করেছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ পারফরম করে হারিয়েছে বাংলাদেশকে। ম্যাচটি হারের পেছনের কারণ হিসেবে মাশরাফি মরেন করেন, ‘গত এক বছর আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে, আর আমরা খেলার বাইরে। প্রথম ম্যাচেই বিষয়টা পুরো স্পষ্ট হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে। গত ম্যাচে ভালোভাবে ফিরে এসেও শেষ করতে পারিনি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমি নিশ্চিত ব্যাটসম্যানরা আগের দিন যা করেছে এটা নিয়ে তাদের ভাবার কোনও সুযোগই নেই।’

টাইগাররা শেষ মূহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন সেরা একাদশ নির্বাচনের জন্য। কেননা আবহাওয়ার ওপর অনেকখানি নির্ভর করবে উইকেটের আচরণ। সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাশরাফি, ‘প্রথম দিন উইকেট বেশ ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে আমরা টসে জিতলে ফিল্ডিং করতাম। কারণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে উইকেট ভেজা ছিল। তৃতীয় ম্যাচের আগে এসব ছোট-খাটো কিছু বিষয় চিন্তা করতে হচ্ছে। সব দিকে যেন টিম ব্যালেন্স থাকে এজন্য ওভাবেই স্কোয়াড করা। আবহাওয়ার উপর তো কারও হাত নেই। সবকিছু বিবেচনা করেই একাদশ সাজাতে হবে।’

/আরআই/কেআর/