ইংল্যান্ড সিরিজ চ্যালেঞ্জিং হবে: মাশরাফি

মাশরাফিআফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে। শনিবার বিশ্রাম নিয়ে রবিবার থেকে টাইগারদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুতি নেবে ইংলিশরা। আজ বিকাল সাড়ে তিনটায় সফরে প্রথম দিনের মতো অনুশীলন করবে ইংল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষে রবিবারের দিনটায় ছুটি কাটাবে টাইগাররা।

আগামী ৭ অক্টোবর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। আর এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আরও বেশি চ্যালেঞ্জিং হবে। আমরা যদি আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারি। তাহলে আশা করি আমাদের সুযোগ থাকবে।’

ইংল্যান্ডের সঙ্গে গত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ২২ গজের লড়াই নেমেছিল টাইগাররা। সর্বশেষ ম্যাচ জিতেছিল মাশরাফিরাই। তাইতো আত্মবিশ্বাসী কণ্ঠে অধিনায়কের উত্তর, ‘এর আগেও আমরা তাদের বিপক্ষে ভালো খেলেছি; ওই আত্মবিশ্বাসটা আছে। আশা করি সিরিজটা খুব ভালো যাবে।’

ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

/আরআই/এফআইআর/