বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘গত দুই বিশ্বকাপের দুটি জয়। আমাদের জন্য অবশ্যই ভালো স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের মতো মঞ্চে হারানো খুব বড় অর্জনও। তবে সবাই এই মুহূর্তে সাম্প্রতিক ব্যপারটি নিয়েই বেশি ব্যস্ত। ক্রিকেটার হিসেবে ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এখানে। অতীতে কি করেছি, সেই সব ভেবে লাভ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ভাবছি আমাদের খেলা কত উন্নতি করা যায়। চিন্তা করলেই চাপ বাড়বে। আমাদের কাজটা ঠিকঠাক করতে পারলেই সব ঠিক হবে।’
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে খেলেতে নেমেছিল। এ কারণেই দলের নানা সমস্যা বেরিয়ে এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই সবকিছু শুধরাতে পারবেন বলে আশবাদী মাশরাফি, ‘১০ মাস ম্যাচ খেলিনি আমরা। ম্যাচের ভেতর থাকলে বোলারদের ভুলগুলো দ্রুত ধরা পড়ে। শিখতে পারে তাড়াতাড়ি। ওখানে একটা ঘাটতি ছিল, আফগানিস্তানের সঙ্গে খেলে সেই ঘাটতি দূর হয়েছে। আগে যেমন মুখস্থ ছিল, কখন কি বল করতে হবে, বোলারদেরও সেটা জানা ছিল। ওই জিনিসগুলো ঠিক করতে আবার সময় লাগবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বেশ ভালো গিয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মাশরাফি, ‘পেস বোলাররা ভালো করেছে শেষ ম্যাচে। মুস্তাফিজ নেই, আশা করি ও দ্রুত ফিরবে। তাহলে বোলিং শক্তি অনেক বাড়তো। তবে যারা আছে, আশা করি তারাও এই সিরিজে ভালো করবে।’
/আরআই/কেআর/