‘যে কোনও মূল্যেই জিততে চাইবে বাটলার’

253269.3মিরপুরে দ্বিতীয় ওয়ানডের পর থেকেই নানান ঘটনায় তেতে আছে বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। রবিবার ম্যাচের শেষ দিকে ইংলিশ অধিনায়ক জশ বাটলারের আউট নিয়ে এবং ম্যাচ শেষে তামিম-স্টোকসের দ্বন্দ্ব; দুই মিলিয়ে দুই শিবিরেই উত্তেজনা বিরাজ করছে।

যেই উত্তেজনার ‘আগুন’ বুধবার চট্টগ্রামের ২২ গজে আরও বাড়বে বলেই মনে করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তার দাবি তৃতীয় ম্যাচটি যে কোনও মূল্যে জিততে চাইবেন বাটলার, ‘আমার মনে হয় দুই দলই জ্বলে উঠতে চাইবে। আগের চেয়ে দুইদলই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে। বাংলাদেশ ঘরের মাঠে শেষ ৬টি সিরিজ হারেনি। আমরা যে কোনও মূল্যে তাদের হারাতে চাই। আমি জানি, আমাদের খেলোয়াড়রা বিশেষ করে আমাদের অধিনায়ক এই ম্যাচটি যে কোনও ভাবেই জিততে চাইবেন।’

দ্বিতীয় ম্যাচে বাটলারের ঘটনায় জরিমানা গুণতে হয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ও সাব্বিরকে। অন্যদিকে ইংল্যান্ডকে করা হয়েছে তিরস্কার। মঈন আলী অবশ্য মনে করেন সম্মান দেখিয়ে উদযাপন করা উচিত, ‘বাংলাদেশের দিক থেকে দেখলে বাটলারের উইকেটটি ছিল বড় উইকেট। হয়তো এজন্যই তারা এভাবে উদযাপন করেছে। কিন্তু কিছু সময় উদযাপনের আলাদা ধরণ থাকে এবং সামান্য সম্মান দেখাতে হয়। খেলাতে এটা হতেই পারে। তবে এসব পেছনে চলে গেছে। আমরা আমাদের খেলাতেই মনোযোগী।’

বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে দুই দলই তেতে আছেন। ১-১ সমতা থাকায় তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। দ্বিতীয় ম্যাচটি জেতার পর দুইদলই স্নায়ু চাপে ভুগছেন এটাই স্বাভাবিক। মঈন আলীর প্রত্যাশা সবকিছু ছাপিয়ে দুই দলই জিততে মরিয়া থাকবে বুধবার।

মঙ্গলবার ইংলিশদের প্রতিনিধি হয়ে এসেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বুধবারের ম্যাচটি নিয়ে তিনি আরও বলেছেন, ‘মাঠের ভেতরে এবং মাঠের বাইরের এই ঘটনা দুই দলের খেলোয়াড়দের তাতিয়ে রাখবে। আমার মনে হয়, এখন সিরিজটি আরও ভালো হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আশা করছি এই ম্যাচে দুই দলই নিয়ম অনুযায়ী ভালো আচরণ করবে। সিরিজ শেষে আমরা যেন বলতে পারি ওটা একটি ভালো ক্রিকেট সিরিজ ছিল।’

/আরআই/এফআইআর/