গত দুই বছর ধরে বাংলাদেশের ক্রিকেট বদলে গেছে অনেকখানি। প্রতিপক্ষ দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই টাইগারদের এই সাফল্য। আর এই বদল এসেছে মাশরাফি বিন মর্তুজার হাত ধরে।
২০০০ সালে টেস্ট সদস্যপদ পাওয়ার পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারের বৃত্তেই ছিল আটকে। হারের সঙ্গে আবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্লেজিংও ক্ষত-বিক্ষত হতে হয়েছে টাইগারদের। তারপরও নিশ্চুপ ছিল টাইগাররা।
সম্প্রতি বদলে যাওয়া বাংলাদেশ মাঠের ভেতর প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে। তাই বলে প্রতিপক্ষের কেউ অসম্মান হোক, এমন কোনও কাজ করেনি ক্রিকেটাররা। রবিবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের উইকেট উদাযপান কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বের সব জায়গায়। যদিও এমন ঘটনার শিকার বাংলাদেশের হতে হয়েছে অনেকবার। জশ বাটলারের আউট নিয়ে সৃষ্ট ঘটনায় মাশরাফির তাই আক্ষেপ, ‘পেছনে দিকে তাকালে দেখি, ১৬ বছরে অনেক কথা শুনে খেলেছি। বাংলাদেশের ক্রিকেটাররা অনেক সময়ই অনেক কিছু শুনেছে।’
শাস্তি পেলেও তা মাথা পেতে নিয়েছেন মাশরাফি ও সাব্বির। তারপরও তিনি বলেছেন, ‘এখানে অন্যায় কিছু দেখি না। ওই ধরণের পরিস্থিতিতে অনেক কিছু হতে পারে। সেটা নিয়ে বাড়াবাড়ির কিছু দেখছি না। আইসিসির নতুন নিয়মে এটা হয়তো যায় না। আমরা পরের ম্যাচে সতর্ক থাকবো।’
তিনি আরও যোগ করেন, ‘সবাইকে স্বাভাবিকভাবে নিতে হবে। ম্যাচ রেফারি সেখানে ছিল। ভুল যা হয়েছে এর জন্য শাস্তি পেয়েছি। আমরা আসলে এগুলো নিয়ে ভাবছি না। সবকিছুর ওপরে ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমরা চেষ্টা করব মাঠের খেলা ঠিকমত খেলতে।’
/আরআই/কেআর/