লেগ স্পিনের রাহু কাটছেই না বাংলাদেশের

রশিদের বলে ফিরে যাচ্ছেন মাহমুদউল্লাহ (ছবি- এএফপি)রশিদ রাহু নাকি লেগ স্পিন রাহু, কোনটা পেয়েছে টাইগারদের ? যেই আফগানিস্তানের বিপক্ষে রশিদ খানের লেগ স্পিনে ধুঁকেছিল টাইগাররা। আজ বুধবারও দেখা গেলো একই ধারা! এবার ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদেও ধুঁকলো বাংলাদেশের ব্যাটসম্যানরা।  যদিও তুলনার বিচারে পাকিস্তানি বংশোদ্ভুত আদিল রশিদই ভুগিয়েছেন বেশি! তিনটি ওয়ান-ডেতে তিনি নিয়েছেন দশ উইকেট। বর্তমানে এই সংখ্যক উইকেট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ বোলারও তিনি।
এবার একটু পেছনে ফেরা যাক- ১৯ বছর বয়সী আফগান স্পিনার রশিদ খান বাংলাদেশে এসেছিলেন তার যোগ্যতার পরীক্ষা দিতে। অনূর্ধ্ব-১৯ দলের পর তিনি সরাসরি স্থান করে নেন মূল দলে। আর বাংলাদেশে এসেই তিনটি ওয়ান-ডেতে দেখান বোলিং জাদু। যেখানে তার পরিসংখ্যান ছিল ১০-০-৩৭-২, ১০-০-৩৫-৩ ও ১০-০-৩৯-২; মোট ৭ উইকেট। লেগস্পিনার হিসেবে একদিনের ম্যাচে খুবই ভালো পারফরম্যান্স বলা যায় এই পরিসংখ্যানকে।

 এরপরই বাংলাদেশে আসলেন ইয়র্কশায়ার নিবাসী আরেক রশিদ(আদিল রশিদ)। ইংরেজ প্রচার মাধ্যমে তাকে নিয়ে অনেক প্রত্যাশাই ঝরেছে এবং আর সেটি যে বিফলে যায়নি আজকের ম্যাচই তার প্রমাণ। তিন ওয়ান-ডেতে আদিল রশিদের পরিসংখ্যান ৯-০-৪৯-৪, ১০-০-৫৩-২ ও ১০-০-৪৩-৪। মোট দশ উইকেট। মোট ত্রিশটি উইকেটের এক তৃতীয়াংশ নিয়েছেন তিনি একাই!

তবে আজ চট্টগ্রামে বাংলাদেশ ব্যাটসম্যানদের যে চারটি উইকেট আদিল রশিদ নিয়েছেন, তার তিনটিই যতটা না তার বলের কৃতিত্বে, তার চেয়ে বেশি দায়ী ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের অমনোযোগিতা। সাব্বির রহমান ও মাহমুদউল্লাহর বেলায় দুটিতেই শর্ট বল দিয়েছিলেন আদিল রশিদ। কিন্তু তারা ফুটওয়ার্ক না করে জায়গায় দাঁড়িয়ে মেরে বিদায় নিয়েছেন। আর নাসির হোসেন তো ফুল টস বলেই মিডউইকেটে দেন ক্যাচ।

এই সিরিজের পরই টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।  আর ওয়ান-ডেতে একজন লেগ ব্রেক বোলারের যে বিশেষ সীমাবদ্ধতা থাকে, সেটি থাকে না টেস্টে। তাই আদিল রশিদকে নিয়ে বিশেষ কিছু ভাববে কি বাংলাদেশ?

 /এফআইআর/