বাইরের অনুষ্ঠান তো আছেই, বাড়িতে এসেও রক্ষা নেই। মানুষের ভিড় লেগে আছে যে বাসাতেও! আর হবেই বা না কেন, ইংলিশ ব্যাটসম্যানদের ঘূর্ণি জাদুতে খেই হারিয়ে যারর ছোঁয়ায় এসেছে অবিস্মরণীয় এক জয়, তাকে দেখতে এমন ভিড় তো হবেই।
ব্যস্ত সময় পার করা মিরাজকে তবু খানিকটা সময় পাওয়া গিয়েছিল কথা বলার জন্য। সেই আলাপচারিতায় জাতীয় দল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এর আগে জাতীয় দল কখনও বড় কোনও দলের সঙ্গে জয় পায়নি। ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া এবং ভাল পারফরম্যান্সে বোর্ডের সবাই খুশি। তারা এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সতর্ক থাকতে বলেছেন। খেলায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।’
স্থানীয় কাশিপুর দক্ষিণ পুরান জামে মসজিদে মিরাজ জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের সামনেও জমে যায় ভিড়। কোনও রকমে ওই পরিস্থিতি সামলে আবারও বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন মিরাজ। বিকাল ৫টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে তার জন্য সংবর্ধনা সভা আয়োজন করা হয়। সংবর্ধনা-শুভেচ্ছা শেষে রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর বুধবার সকালে খুলনা ছাড়বেন মিরাজ। এর পর লক্ষ্য বিপিএল, যেখানে খেলবেন তিনি রাজশাহী কিংসের হয়ে।
মিরাজের বাবা জালাল হোসেন বলেছেন, ‘ছেলের সঙ্গে আমি একান্তে কথা বলার সুযোগই পাচ্ছি না। মানুষকেই সময় দিতে ব্যস্ত মিরাজ। অল্প সময়ের জন্য আসার কারণে ঘরের মানুষই ওকে কাছে পাচ্ছে না। তারপরও আমরা পরিবারের সদস্যরা এটা স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘সোমবার রাতে মিরাজ বাসায় আসার পর ওর মা মিষ্টি-মুখ করিয়েছিল। তারপর থেকে আমরা বাবা-মা ওকে কোনও খাবার দিতে পারিনি।’
/কেআর/