বৃহস্পতিবার এ উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এবং স্পন্সর কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নওশাদ করিম চৌধুরী।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স লড়বে খুলনা টাইটানসের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
প্রতিবারের মতো এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায়। তবে জুমার নামাজের জন্য শুক্রবারের ম্যাচগুলো ৩০ মিনিট পিছিয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের আসরে দুটি ভেন্যুতে মাঠে গড়াবে বিপিএল।
৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দলগুলো চট্টগ্রামে চলে যাবে। সেখানে ১৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় ফিরে আসবে দলগুলো। মিরপুরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ।
ডাবল লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৬ টি। ৪২ টি লিগ ম্যাচ, একটি এলিমিনেটর, দুটি কোয়ালিফাইয়ার ও ফাইনাল। লিগের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার। আর তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটর। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে আর পরাজিত দল এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারের বিজয়ীর বিপক্ষে।
৬ ডিসেম্বর হবে এলিমিনেটর। একইদিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। ৭ নভেম্বর হবে ২য় কোয়ালিফায়ার। দুই কোয়ালিফায়ারের দুই বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ৯ ডিসেম্বর। এবার ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
প্রসঙ্গত, এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। দলগুলো হচ্ছে ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ছবি : লাবিব হাসান এলিস
/আরআই/