ভারত সফরে ইসিবিকেই খরচ বহন করতে বললো বিসিসিআই

বাংলাদেশ সফর শেষেই ভারত সফরে গেছে ইংল্যান্ড। আর সেখানে গিয়েই বিপত্তির মুখে পড়েছে অ্যালিস্টার কুকের দল। স্বাগতিক হিসেবে তাদের আতিথেয়তার ভার নিতে এক কথায় অসম্মতি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)! অবশ্য এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে লোধা প্যানেল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অজয় শিকরে ইসিবিকে অনুরোধ করে জানিয়েছেন, এই মুহূর্তে লোধা প্যানেলের নির্দেশনা ছাড়া কিছুই করতে পারছে না বিসিসিআই। তাই প্রতিশ্রুত সমঝোতা চুক্তিতেও থাকতে পারছে না তারা। ইসিবির সচিব ফিলকে লেখা চিঠিতে শিকরে লিখেছেন, ‘ফিল আমি আপনাকে আসন্ন সিরিজের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনাকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই মুহূর্তে দুই বোর্ডের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্ভব হচ্ছে না। মূলত আদালতের নির্দেশনা থাকায় এর ওপর এক প্রকার নিষেধাজ্ঞা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এই অবস্থায় আপনাদের খরচ বহন করার পরিস্থিতি নেই। তাই লোধা কমিটির কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নিজেদের খরচ নিজেদের বহন করার অনুরোধ জানাচ্ছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিসিসিআই-এর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।’ ক্রিকইনফো।

/এফআইআর/