হোবার্ট টেস্টে বার্নস-ফার্গুসন

aus logoদক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাটসম্যান জো বার্নস ও ক্যালাম ফার্গুসনকে। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হোবার্ট টেস্ট থেকে ছিটকে গেছেন শন মার্শ, আঙুল ভেঙে গেছে তার।
৩০ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেললেও ৩১ বছর বয়সী ফার্গুসনের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। ২০১১ সালের এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে দেখা যায়নি তাকে। এবারের শেফিল্ড শিল্ড ম্যাচে তার অভিজ্ঞতা ভালো-মন্দ মিলিয়ে। দুই ম্যাচের একটিতে সেঞ্চুরি ও অন্যটিতে শূন্য রান।

শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট হোয়াইটওয়াশের সিরিজে বাদ পড়েন বার্নস। অথচ তার আগে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ১৭০ ও ৬৫ রান করে ম্যাচসেরা হন তিনি। শেফিল্ড শিল্ডের প্রথম দুই ম্যাচে ফার্গুসনের মতো অবস্থা তার। অবশ্য বার্নস টেস্ট খেলেছেন ১২টি, তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৮৭২ রান তার।

পার্থে প্রথম টেস্টে ৬৩ ও ১৫ রানের ইনিংস খেলা মার্শকে হঠাৎ করে ছিটকে যেতে হলো। শ্রীলঙ্কা সফরে চিঁড় ধরা আঙুলে ফের চোট পান তিনি। এছাড়া এই টেস্ট সিরিজে হ্যামস্ট্রিং সমস্যাতেও ভুগছেন মার্শ।

হোবার্ট টেস্টের দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, ক্যালাম ফার্গুসন, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জোশ হ্যাজলউড, পিটার সিডল, জো মেনি ও নাথান লিয়ন। ক্রিকইনফো

/এফএইচএম/