ভালো শুরু চায় রংপুর রাইডার্স

ভালো শুরুর চায় রংপুর রাইডার্সরংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। নিজেদের প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ মনে করছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম।

মঙ্গলবার সকালে মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম। প্রথম ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ সবার জন্য গুরুত্বপূর্ণ। শুরুটা যদি ভালো করতে পারি, তাহলে আশা করি পরের ম্যাচগুলোও ভালো করা সহজ হবে।’ দেশি-বিদেশি মিলিয়ে রংপুর রাইডার্স বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে বলেই মনে করছেন তিনি, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে।’

চিটাগং ভাইকিংস এই আসরে দারুণ দল গড়েছে। রংপুর অবশ্য তাদের নিয়ে খুব বেশি ভাবছে না। এ প্রসঙ্গে রংপুরের অধিনায়ক বলেছেন, ‘প্রতিপক্ষ নিয়ে এখনই কিছু ভাবছি না। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে খুব ভালো কিছু হবে।’

চলতি আসরের শুরুতে রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ আফ্রিদিকে। কিন্তু দুই দিন আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় নাঈম ইসলামের। জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার অধিনায়কত্ব পেয়ে ভীষণ খুশি, ‘বাংলাদেশের সেরা টুর্নামেন্টের একটি বিপিএল। এখানে অধিনায়কত্ব পেয়ে ভালো লাগছে। তবে ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে নাঈম বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে দলের জয়ে অবদান রাখা। ব্যাটিং-বোলিং যাই করি, চেষ্টা করবো ভালো ভূমিকা রাখার।’

দলের বিদেশি খেলোয়াড় নিয়ে সন্তুষ্টি ঝরেছে নাঈমের কণ্ঠে, ‘আমাদের বিদেশি খেলোয়াড় যদি দেখেন, শহীদ আফ্রিদি ছাড়া হাইপ্রোফাইল কিছু দেখবেন না। অবশ্য অন্যদের পরিসংখ্যান যদি দেখেন, সেটা কিন্তু অনেক উঁচুমানের। শাহজাদ যেমন আফগানিস্তানের সেরা খেলোয়াড়, লিয়াম ডোসন ইংল্যান্ডের ভালো ক্রিকেটার। সে কিছুদিন আগে বাংলাদেশে খেলে গেছে। নাসির জামশেদ আছে, সবাই ওর সম্পর্কে জানে। ইংল্যান্ডের একজন উদীয়মান পেসার আছে আমাদের দলে। খুব ভালো বোলার।’

অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়ে দারুণ ছন্দে আছেন আরাফাত সানি। অধিনায়কের কণ্ঠেও উঠে এলো সানির জয়গান। এ ব্যাপারে নাঈম বলেছেন, ‘আরাফাত সানি খুব ভালো বোলিং করেছে। আগের চেয়ে এখন অনেক বেশি কার্যকর। স্পিনও করে এখন বেশি, গতিও আগের চেয়ে অনেক বেড়েছে।’

/আরআই/কেআর/