বিপিএলে ক্যারিয়ার সেরা বোলিং রাজুর

আরেকটি উইকেটচলতি আসরের বিপিএলে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন আবুল হাসান রাজু। খুলনা টাইটানসের বিপক্ষে ২৮ রান খরচায় বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন রাজশাহী কিংসের এই পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত এক ম্যাচে ৪ উইকেটের দেখা না পাওয়া আবুল হাসান উজ্জ্বলতা ছড়ালেন মিরপুরে।

উইকেট উৎসবের শুরুটা করেন তিনি রিকি ওয়েলসকে ফিরিয়ে দিয়ে, শেষ করেন শফিউল ইসলামকে ক্লিন বোল্ড করে। ভালো খেলতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে (৩২) ফরহাদ রেজার তালুবন্দি করে সাজঘরের পথ দেখান আবুল হাসান। মূলত তার বোলিং তাণ্ডবেই খুলনা টাইটানসের ইনিংস ১৩৩ রানে থেমে যায়।

আবুল হাসান ৫ উইকেট নেওয়া পঞ্চম বোলার। যদিও রান রেটে তার অবস্থান চারে। দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে কীর্তি গড়েছিলেন সামি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা। এর পরই রয়েছেন আবুল হাসান রাজু। পঞ্চম স্থানে আরেক বাংলাদেশি পেসার আল আমিন হোসেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) চারটি আসরেই খেলেছেন আবুল হাসান রাজু। প্রথম আসরে রাজশাহীর হয়ে খেলা রাজু চতুর্থ আসরে পুরনো তাঁবুতেই ফিরেছেন। দ্বিতীয় আসরে সিলেট রয়্যালস ও তৃতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নেমেছিলেন অভিষেক টেস্টে নয় নম্বরে নেমে সেঞ্চুরি (১১৩) রান এই পেসার।

গত বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ম্যাচ খেলে ১১ উইকেট সংগ্রহ করেছিলেন রাজু। ঢাকার বোলারদের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। ওই আসরে তার সর্বোচ্চ সাফল্য ছিল ২৯ রানে তিন উইকেট প্রাপ্তি।

দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে তার তিনটি। তাও এক ম্যাচেই ৩০ রান খরচায় তিনটি উইকেট নিয়েছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

/আরআই/কেআর/