বাংলাদেশ সফরে রুটের ইনিংসগুলো ছিল এমন-১, ৪০, ১, ৫৬। টাইগার স্পিনারদের সামনে মোটেও সুবিধা করতে পারেননি ইংলিশদের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ভারতে গিয়ে ভেঙে ফেললেন ব্যর্থতার সেই বৃত্ত। স্পিন নির্ভর ভারতের বিপক্ষে সহজাত ব্যাটিংয়ে নিজের রানের সঙ্গে স্কোর বাড়িয়ে নিয়েছেন দলের। পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১২৪ রান করে আউট হয়েছেন তিনি উমেশ যাদবের বলে। অন্যপ্রান্তে সমানতালে লড়ে গেছেন মঈন আলী। প্রথম দিন শেষে তিনিও আছেন সেঞ্চুরির দ্বোরগোড়ায়। চতুর্থ উইকেটে রুটের সঙ্গে ১৭৯ রানে জুটি গড়ে দিন শেষ করেছেন ৯৯ রানে।
রুট-মঈন ছন্দে ফিরলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি অধিনায়ক অ্যালিস্টার কুক। টস জিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নতুন ওপেনিং সঙ্গী হাসিব হামিদের সঙ্গে। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করে কুক ২১ রানে আউট হন রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউ হয়ে। আর হামিদ ৩১ রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে। এর পর বেন ডাকেটকেও ফেরান এই স্পিনার। বাংলাদেশে ওপেন করা এই ব্যাটসম্যান আউট হয়েছেন ১৩ রানে। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
(প্রথম দিন শেষে)
ইংল্যান্ড : ৯৩ ওভারে ৩১১/৪ (জো রুট ১২৪, মঈন ৯৯*, হামিদ ৩১, কুক ২১; অশ্বিন ২/১০৮, জাদেজা ১/৫৯)।
/কেআর/