ইংল্যান্ডের আত্মবিশ্বাস বাড়ানো ড্র

ম্যাচ ড্রর পর হাত মেলালেন দুই অধিনায়ক কুক ও কোহলিরাজকোটে শেষদিন অ্যালিস্টার কুকের পঞ্চম টেস্ট সেঞ্চুরিটা ছিল ভারতের মাটিতে কোনও সফরকারী ব্যাটসম্যানের পক্ষে সবচেয়ে বেশি। এরপর অসম্ভাব্য জয়কেও প্রায় ধরে ফেলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। জেতার জন্য সফরকারীরা হাতে পায় ৪৯ ওভার, দ্রুত বল করার সুবাদে সেটা বেড়ে দাঁড়ায় ৫২.৩ ওভারে। এর আগে ২৩.৪ ওভারে ভারতের ৪ উইকেট ফেলে দেয়ার পর যেন জয়ের আভাস মিলছিল ইংলিশ শিবিরে। কিন্তু এরপর প্রতিপক্ষ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন ২২ গজে অবিচল থাকলেন ১৪.২ ওভারে ৪৭ রানের জুটি গড়ে। বিশেষ করে কোহলির সহনশীল ব্যাটিংয়ের সৌজন্যে ভারত টেস্ট ম্যাচটি বাঁচাতে সফল হয়।
ভারতকে বেশ ভয় ধরিয়ে দিতে পেরেছে ইংল্যান্ড। একই সঙ্গে রাজকোটে পাঁচদিনের এ লড়াই মানসিকভাবে চাঙ্গা করল তাদের। ৪৯ ওভারে ৩১০ রানের অসম্ভব এক লক্ষ্য ভারতকে ছুঁড়ে দেয় সফরকারীরা। জবাবে ৫২.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্বাগতিকরা করে ১৭২ রান।

অধিনায়ক কোহলি ধৈর্যে্যর প্রতিমূর্তি হয়ে খেলেছেন ৯৮ বল, অপরাজিত থেকেছেন ৬টি বাউন্ডারিতে সাজানো ৪৯ রানে। ১৩২ রানে ভারতের ষষ্ঠ উইকেট বিসর্জনের পর কোহলির সঙ্গে রবিন্দ্র জাদেজার (৩২*) অপরাজিত ৪০ রানের জুটিটিও দারুণ অবদান রেখেছে।

এর আগে পঞ্চম দিন ইংল্যান্ডের জার্সিতে ৩০তম টেস্ট সেঞ্চুরি করা কুক দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন দলীয় স্কোরবোর্ড ৩ উইকেটে ২৬০ রান হওয়ার পর। কুকের (১৩০) সঙ্গে ১৮০ রানের উদ্বোধনী জুটি গড়েন তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদ (৮২); তখনই ভারতের জন্য অসম্ভব এক লক্ষ্য নির্ধারণ হয়।

শেষদিনের পিচ স্পিনারদের অনুকূলে একটুও ছিল না। ভারতীয় স্পিনার অমিত মিশ্রের (১৩ ওভারে ২/৬০) সংক্ষিপ্ত স্পেলকে কষ্টের করে তোলেন কুক। সফরকারী অধিনায়কের ২৪৩ বলের ইনিংস স্বাগতিক স্পিনারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। ভারতের মূল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংসে ৬৯.৩ ওভার বল করে দিয়েছেন ২০৩ রান, উইকেট মাত্র ৩টি। রবিন্দ্র জাদেজা ৪৫ ওভার বল করে ১৩৩ রান দিয়ে নেন সমান উইকেট।

প্রথম টেস্টের দুশ্চিন্তাগুলো কাটিয়ে তুলতে ভারত সময় পাচ্ছে মাত্র ৫ দিন। আগামী ১৭ নভেম্বর বিশাখাপত্তমে তারা দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংলিশদের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: প্রথম ইনিংস- ৫৩৭ ও দ্বিতীয় ইনিংস ২৬০/৩ ডিক্লে, ৭৫.৩ ওভার (কুক ১৩০, হামিদ ৮২; মিশ্র ২/১৩)

ভারত: প্রথম ইনিংস- ৪৮৮ ও দ্বিতীয় ইনিংস ১৭২/৬, ৫২.৩ ওভার (কোহলি ৪৯*, জাদেজা ৩২*, অশ্বিন ৩২; রশিদ ৩/৬৪)

ফলাফল: ম্যাচ ড্র।