আত্মবিশ্বাস ধরে রাখাতেই বরিশালের জয়

আত্মবিশ্বাস ধরে রাখাতেই বরিশালের জয়বিপিএল-এ রবিবার মিরপুরের ২২ গজে মঞ্চায়ন হয়েছে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। যে ম্যাচটি সাব্বির একাই বরিশালের কাছ থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। ম্যাচটি শেষ ওভারের রোমাঞ্চে পৌঁছালে জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন পড়ে ৯ রান। কিন্তু প্রয়োজনীয় রান সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় ৪ রানে ম্যাচ জেতে বরিশাল বুলস। এমন জয়ের পেছনের কারিগর অধিনায়ক মুশফিক। তার প্রেরণাতেই বরিশাল বুলস শেষ পর্যন্ত আত্মবিশ্বাস ধরে রাখতে সক্ষম হয়েছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফিস। ম্যাচ প্রসঙ্গে নাফিস বলেছেন, ‘একটা জিনিস আমরা বিশ্বাস করছিলাম, টি-টোয়েন্টিতে ‘দেড়শ’ রানে জেতার দরকার নাই ‘১’ রানে জেতাটাই গুরুত্বপূর্ণ। মাঝখানে যখন ওরা ভালো জুটি গড়েছিল। তখন আমরা বিশ্বাস করেছিলাম, একটা উইকেট পেলেই খেলা ঘুরে যাবে।’

আগে ব্যাটিং করে বরিশাল ১৯২ রান সংগ্রহ করেছিল। ইনিংস শেষে মুশফিক সবাইকে ডেকে ছোট খাটো একটা মিটিং সেরে ফেলেন। আর তাতেই রেজাল্ট পাওয়া সম্ভব হয়েছে বলে জানান নাফিস, ‘মাঠে নামার সময় মুশফিক বলেছিল, ১৩০ রানও টপকানো সহজ। আবার ১৯০ রান টপকানো কঠিন হতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে জেতার আগে কখনও বলা যায় না জিতেছি। টেস্ট বা ওয়ানডে ক্রিকেটে কোনও পর্যায়ে গিয়ে হয়তো বলা যায় কিছু একটা। এই কথাটাই মুশফিক বারবার বলছিল- ‘এই রান করে সন্তুষ্ট হওয়ার কিছু নাই।’ আমরা নার্ভ ধরে রাখতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ। মূলত সবাই আত্মবিশ্বাস ধরে রাখতে পেরেছে বলেই শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পেরেছি।’

মুশফিকের মতো শাহরিয়ার নাফিসের ব্যাটও হাসছে। প্রথম ম্যাচে ৫৫ রানের ইনিংসের পর তৃতীয় ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলেছেন নাফিস। নিজের ইনিংস প্রসঙ্গে বলেছেন, ‘আমি সব সময় চেষ্টা করি আমার খেলার উন্নতি করতে। নিজেকে ফিট রাখতে। এখন আমার ক্যারিয়ারে এমন একটা পর্যায়ে আছি, যেখানে নিজেকে ধরে রাখতে পারলে আমি অনেক ওপরে চলে যেতে পারব। শেষ দুই মাসতো জাতীয় দলের ক্যাম্পে ছিলাম। পাশাপাশি খেলার মধ্যেও ছিলাম। বিপিএল শুরুর আগে আমাদের দলেরও বিকেএসপিতে ৭ দিনের একটা ভালো ক্যাম্প হয়েছে। আমি চেষ্টা করেছি আমার খেলাটা আরও উন্নতি করতে। নিজের স্কিল একটু ভালো করার চেষ্টা করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে স্কিল খুব গুরুত্বপূর্ণ।’

 /আরআই/