ভূমিকম্পেও পেছাবে না নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট

imagesসোমবার স্থানীয় সময় মধ্যরাতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। বেশ কিছু ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে মানুষ। তবে দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ডে সফররত পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল নেলসনে নিরাপদে আছে। জানা গেছে, প্রাকৃতিক এই দুর্যোগ সত্ত্বেও আগামী বৃহস্পতিবারের নির্ধারিত প্রথম টেস্ট পেছানো হবে না। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের একজন মুখপাত্র জানান, নির্ধারিত সূচিতেই খেলার জন্য প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘টেস্টের প্রস্তুতি ঠিকঠাকভাবে চলছে। কিন্তু আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’ এরই মধ্যে ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে দুই দল। মঙ্গলবার অনুশীলন সেশনে নামার কথা তাদের।

দুই দফায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকটি পরাঘাত (আফটার শক) হয়েছে, যা চলবে আগামী সপ্তাহ পর্যন্ত।

পাকিস্তান দলের ম্যানেজার ওয়াসিম বারি জানান, নিউজিল্যান্ড ক্রিকেট টিম হোটেল ও মাঠে তাদের দলের নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে ক্রিকেটাররা নেলসনে নির্ঘুম একটি রাত কাটিয়েছে। যখন ভূমিকম্প শুরু হয় তখন হোটেল থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। বাকি রাত অনেকেই রুমে ফেরেননি।

/এফএইচএম/