খুঁতটাই ধরতে পারছেন না তামিম!

254931.4কোনও কিছুই ঠিকভাবে হচ্ছে না চিটাগং ভাইকিংসের। গত আসরের মতো এই আসরেও কাগজে কলমে শক্তিশালী দল নিয়ে ভালো খেলতে পারছে না। এই আসরে অধিনায়ক তামিম মাঠে সব রকম চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন জয়ের বৃত্তে ফিরতে। কুমিল্লার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জেতার পর তিনটি ম্যাচ খেলেছেন। যার সবগুলোতেই হার দেখতে হয়েছে চিটাগংকে।

তাই চিটাগং ভাইকিংসের খুঁতটা ধরতে পারছেন না তামিম ইকবাল। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আগের ম্যাচের মতোই হতাশা ব্যক্ত করেছেন তামিম ইকবাল, ‘আমাদের দলে ২-১ জন ছাড়া সবাই অভিজ্ঞ ক্রিকেটার। অনেক সময় ক্রিকেটারদের অনেক কিছু বলা লাগে না, নিজেরাই বুঝতে পারে যে কী সমস্যা হচ্ছে। কিন্তু হতাশার জায়গাটা হচ্ছে কাগজে-কলমে আমরা বেশ শক্তিশালী দল হয়েও ভালো কিছু করতে পারছি না। ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্যও খারাপ লাগে। কারণ তারা গত বছর থেকেই অসাধারণ কাজ করছেন। আমরা তাদেরকে আসলেই কিছু দিতে পারছি না।’

তিনি আরও যোগ করেন, ‘বিষয়টি এমন না যে কেউ চেষ্টা করছে না। কিন্তু কোনও চেষ্টাই কোনওভাবে কাজে লাগানো যাচ্ছে না। সম্ভবত আমাদের মধ্যে কোনও খুঁত আছে নিশ্চয়ই। আমাদের এখনও আটটি ম্যাচ আছে, যে কোনও কিছুই হতে পারে। কিন্তু আমাদের টুর্নামেন্টে ফিরতে হলে অনেক অনেক উন্নতি করা লাগবে।’

ত্রুটি শোধরাতে মাঠে অনেক কিছুই করছেন তামিম ইকবাল। তারপরও হচ্ছে না বলেই বেশি হতাশ তিনি, ‘আমরা অনুশীলনে অনেক কিছুই করি। এখন ওইটাকে যদি আমরা মাঠে কাজে লাগাতে না পারি, তাহলেইতো সমস্যা। যখন আমরা পরিকল্পনা করছি সেগুলো ভালো পরিকল্পনা হচ্ছে। শেষ কয়েকটা ম্যাচে আমরা আরও একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারলে হারতাম না। আজকে আমরা যদি আরও একটু ভালোভাবে বোলিং করতাম। বিশেষ করে মাঝের ওভারগুলোতে, তাহলে ফলাফল অন্যরকম হতো।’

সোমবার তামিম ইকবাল যখন আউট হন তখন চিটাগং ভাইকিংসের রান সংখ্যা ১৩.১ ওভারে ১১৬। কিন্তু শেষ ৬.৫ ওভারে ভাইকিংস রান তুলতে সক্ষম হয় মাত্র ৪৭। তাই শেষ ওভারে মাত্র ৪৭ রান আসায় হতাশা ব্যক্ত করেন তামিম, ‘৮ ওভারে (আসলে ৬.৫) চল্লিশ রান (আসলে ৪৭) কীভাবে হয়।  এটার কোনও মানে হয় না। যে ওভারে আমি আউট হয়েছি, ওই ওভার থেকে শেষ ওভার পর্যন্ত আমাদের ৯ উইকেট ছিল। এর মাঝখানে আমরা চল্লিশ (আসলে ৪৭) রান করেছি। যতোই ভালো খেলোয়াড় আনি কিংবা ভালো কোচ আনা হোক; এভাবে করে খেলতে থাকলে আসলে বিপর্যয় থামানো সম্ভব নয়।’

তিন নম্বরে এনামুলের খেলার ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেছেন, ‘বিজয়ের তিনে ব্যাট করার কারণটা হচ্ছে, সে বোলারদেরকে অন্যদের চেয়ে ভালো জানে। দলে অনেক বিদেশি আছে যারা হয়তো কামরুল ইসলাম রাব্বিকে খেলেনি। তার কাজে আমি সন্তুষ্ট। অন্যপ্রান্ত থেকে যদি আরও একটু ভালো সাপোর্ট পাওয়া যেত তাহলে হয়তো আমরা ১৭০-১৮০ করতে পারতাম।’

/আরআই/