শ্রীলঙ্কার সহজ জয়

জয়ের হাসি...বড় জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল শ্রীলঙ্কা। বোলারদের দাপটে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ৮ উইকেটে। ৪১.৩ ওভারে অলআউট হওয়া আগে জিম্বাবুয়ে স্কোরে জমা করেছিল ১৫৪ রান। সেই লক্ষ্য ১৫৩ বল আগে ২ উইকেট হারিয়ে টপকে যায় উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।

সুরঙ্গা লাকমাল ও নুয়ান কুলাসেকারার পেস আগুনে শুরুতেই খেই হারিয়ে ফেলে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে। ২৯ রানে স্বাগতিকরা হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান-ব্রায়ান চারি (৭), ক্রেইগ এরভিন (০), সিকান্দার রাজা (১) ও শন উইলিয়ামসকে (৯)। চামু চিবাবা আউট হন ১৮ রান করে। টপ অর্ডারের ব্যর্থতার পর পিটার মুর খেলেছেন দলীয় সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস। এর পর অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৩১ রানের ওপর ভর দিয়ে দেড় শ পেরোয় জিম্বাবুয়ের সংগ্রহ। অসেলা গুনারত্নে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা, লাকমাল ও নুয়ান প্রদীপ।

জবাবে ধনাঞ্জয় ডি সিলভার হার না মানা ৭৮ রানের ওপর ভর দিয়ে ২৪.৩ ওভারে জয় নিশ্চিত করে লঙ্কানরা। কুশল পেরেরা ২১, নিরোশান ডিকওয়েলা ৪১ রানে আউট হলেও ডি সিলভাকে সঙ্গ দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস (১২*)। ক্রিকইনফো

/কেআর/