অ্যাডিলেইডে সিরিজের তৃতীয় টেস্টে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক। সফরকারীদের কাছে অসহায় আত্মসমর্পণের পর সংবাদ সম্মেলনে লজ্জাবনত মুখ নিয়ে হাজির হলেন স্মিথ, ‘এখানে বসে থাকতে লজ্জা লাগছে আমার। আমরা একবারে অনেক বেশি উইকেট হারিয়েছি; আজ ৩২ রানে ৮টি উইকেট, আর প্রথম ইনিংসে ৮৫ রানে ১০ উইকেট। এবং এটা অনেক বেশি ঘটছে আমার সময়ে।’
কঠিন এই সময় থেকে উতরে যাওয়ার দৃঢ় মানসিকতা কারও মধ্যে দেখা যাচ্ছে না জানান স্মিথ, ‘আমরা ঠিক জায়গায় নেই। এই কঠিন সময় থেকে বেরোনোর ইচ্ছাও আমাদের মধ্যে তৈরি হচ্ছে না।’
প্রোটিয়াদের দুর্দান্ত বোলারদের সামনে ব্যাট হাতে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন স্মিথ। প্রথম ইনিংসে ৪৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয়বার ক্রিজে নেমে করেন ৩১ রান। তার মতে জাতীয় দল পথ হারিয়েছে, এই সমস্যা সমাধানে দল নির্বাচনে আরও ভাবতে হবে। ১৭ টেস্টের অধিনায়ক বলেছেন, ‘দল নির্বাচনে কাজ হচ্ছে না। তাই এই পাঁচ টেস্ট হারের পর দল নির্বাচন নিয়ে অনেক কথা হবে। প্রথমে ঘুরে দাঁড়ানোর উপায় আমাদের খুঁজতে হবে। কিছু একটা পাল্টাতে হবে। যদি বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে হারাতে হয় তাহলে আগের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের।’
টানা এতগুলো ম্যাচ হারের পর স্বাভাবিকভাবেই ড্যারেন লেম্যানের প্রধান কোচের পদটি টালমাটাল হলো। কিন্তু স্মিথ তার পাশে। সমস্যার পেছনে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক, ‘এটা তার দোষ নয়, আমরা ভালো খেলছি না। মাঠে গিয়ে ঠিকঠাকভাবে কাজ করা আমাদের দায়িত্ব। ড্যারেন এখন যা করছে সেসব নিয়ে আমার কোনও সমস্যা নেই।’
অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্ট শুরু হওয়ার আগে ১০ দিন সময় পাচ্ছে অজিরা। ২৪ নভেম্বরের ম্যাচে জেতার জন্য কোমড় বেধে নামতে হবে তাদের। নয়তো আরও অনেক লজ্জা অপেক্ষা করছে তাদের জন্য- দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এবং র্যাংকিংয়ে পাঁচে নেমে যাওয়ার লজ্জা।
/এফএইচএম/