চট্টগ্রামেও জয়ের ধারায় থাকতে আত্মবিশ্বাসী খুলনা টাইটানস

Khulna_Titansগত দুইদিনে চট্টগ্রামে ৬টি দল মুখোমুখি হয়েছে একে অপরের বিপক্ষে। একমাত্র খুলনা টাইটানসই চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচটি খেলবে শনিবার। এদিন তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস। তাই চট্টগ্রামেও জয়ের ধারায় থাকতে আত্মবিশ্বাসী খুলনা টাইটানস। শুক্রবার চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন শেষে খুলনার অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নেওয়া খুলনা টাইটানস, পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চায়, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। দল হিসেবে ভালো অবস্থায় রয়েছি। বোলাররা খুব ভালো বল করছে। ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই সামনের ম্যাচেও।’

শনিবার দুপুর একটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচ নিয়ে মোশাররফ বলেছেন, ‘ঢাকা খুব ভালো খেলছে। তারা জয়ের মধ্য রয়েছে। তাদের টিম কম্বিনেশন অনেক ভালো। অনেক ভেরিয়েশন আছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। সেরাটা খেলতে পারলে যে কোনও টিমকেই হারানো সম্ভব। ওটাই আমাদের লক্ষ্য।’

ঢাকার বিপক্ষে ম্যাচ কতটা চ্যালেঞ্জিং এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি আসলে যে কোনও দলের জন্যই চ্যালেঞ্জিং। এখানে যে যেদিন ভালো খেলবে তাদেরই জেতার সম্ভাবনা থাকবে।’

চট্টগ্রামে ৫ দিনের বিরতিটাকে কাজে লাগাতে চায় খুলনা। এ প্রসঙ্গে মোশররফ রুবেল বলেছেন, ‘আমরা ঢাকায় টানা ম্যাচ খেলেছি। ৫ দিনে চারটি ম্যাচ খেলেছি। চিটাগংয়ে হয়তো বিরতিটা একটু বেশি পরেছে। এটা আমাদের একদিক থেকে ভালো হয়েছে। এখানে আমরা পরিবেশ, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। নেট হচ্ছে। বোলাররা বোলিং করছে। যাদের ফিজিক্যালি একটু লিকেজ ছিল তারাও রিকভারি করার চেষ্টা করছে। সবমিলিয়ে আমাদের জন্য ভালো হয়েছে।’

/আরআই/