ঢাকার বিপক্ষে জয়ই প্রেরণা যোগাচ্ছে রাজশাহীকে

ঢাকার বিপক্ষে জয়ই প্রেরণা যোগাচ্ছে রাজশাহীকেপাঁচ ম্যাচের একটিতে জিতে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে আছে রাজশাহী কিংস। রাজশাহী কিংস বেশ কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে। ড্যারেন স্যামির নেতৃত্বাধীন রাজশাহী একমাত্র জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

সোমবার ফিরতি ম্যাচে চট্টগ্রামে ফের মুখোমুখি হবে দুই দল। দুপুর একটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ঢাকার বিপক্ষে টুর্নামেন্টের সপ্তম ম্যাচে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় রাজশাহী।

ঢাকার বিপক্ষে পাওয়া এই জয়টিই আত্মবিশ্বাস যোগাচ্ছে ড্যারেন স্যামিকে। রবিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা আগামীকাল (সোমবার) ঢাকার বিপক্ষে মাঠে নামব। টুর্নামেন্টে তারাই একমাত্র দল, যাদের বিপক্ষে আমরা জয় পেয়েছি। আর এই জয়টাই আমাদের কালকের ম্যাচে ভালো খেলতে আত্মবিশ্বাস যোগাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ফিল্ডিংটা পুরোপুরি ভালো হচ্ছে না, ঢাকার বিপেক্ষ এখানে ভালো করতে হবে। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। সবাই ভালো খেলতে প্রস্তুত।’

বিপিএলে সবচেয়ে দুর্ভাগা দল রাজশাহী কিংস। নিশ্চিত জয়ের দুটি ম্যাচ হাতছাড়া করেছে রাজশাহী। খুলনা টাইটানসের বিপক্ষে তিন রান ও বরিশাল বুলসের বিপক্ষে চার রানে হেরেছে তারা। তাতে হতাশ ড্যারেন স্যামিও, ‘আমরা ভালো খেলছি না। তারপরও আমরা দল হিসেবে যতটা ভালো, সেই হিসেবে ফল পাচ্ছি না।’

পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও সেরা চারে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী স্যামি বলেছেন, ‘আমরা সেরা চারে খেলার ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী। সামনের ম্যাচগুলোতে সেরা ক্রিকেট খেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ম্যাচ জিততে হলে দল হিসেবে পারফরম্যান্স করতে হবে বলে মনে করেন রাজশাহী কিংসের অধিনায়ক, ‘সাব্বির আমাদের মূল ব্যাটসম্যান। সে আমাদের রানের চাকা সচল রাখছে। কিন্তু ক্রিকেট দলীয় খেলা। একজনের পক্ষে ম্যাচ জেতানো সব সময়ই কঠিন।’

/আরআই/এফআইআর/