রাজশাহীর দুরন্ত জয়

Rajshahi Kings Winning Celebrates-6ওপেনার মমিনুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান সামিত প্যাটেলের দুটি সময়োপযোগী অর্ধশতকের ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসকে তিন উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস।

ঢাকার করা ১৮২ রানের ইনিংস ১৯.৫ ওভারে টপকে যায় রাজশাহী। সাত উইকেটে ১৮৪ রান করে ঢাকাকে দেয় টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ।  

যদিও খেলতে নেমে রাজশাহী কিংসের জয়ের প্রত্যাশাটা শুরুতেই ধাক্কা খায়।  চার রানে বিদায় নেন ওপেনার জুনায়েদ সিদ্দিক।  এ আঘাতের রেশ কাটতে না কাটতেই আরও বড় আঘাত পায় রাজশাহী।  দলীয় ৩১ রানে বিদায় নেন সাব্বির রহমান (৭)।  মো. শহীদের বল তুলে মেরেছিলেন। ডিপ মিড উইকেট থেকে অনেক দূর দৌড়ে লং অন অঞ্চলে দর্শনীয় এক ক্যাচ ধরেন নাসির।

এরপরেই চিত্র পাল্টে দেন ভালো ফর্মে থাকা মমিনুল ও ইংরেজ ব্যাটসম্যান সামিত প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে ১০০ রান আসে এই জুটি থেকে।  মমিনুল হক খেলেন ৪২ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৬ রানের ইনিংস।  তবে বোলার মো. শহীদের বলেই নাসির হোসেনের ক্যাচে ফেরেন তিনি।

মমিনুলের বিদায়ের পর ক্রিজে সেট ব্যাটসম্যান হিসেবে ছিলেন সামিত প্যাটেল।  তিনিই দলের আশার প্রদীপ ধরে রাখেন। মেরে খেলছিলেন।  ৩৯ বলে ৬টি ছয় ও পাঁচটি চারে ৭৫ রানের ইনিংসে অনেকটা দিশেহারা করে ফেলেন ঢাকার বোলারদের।

মমিনুলের বিদায়ের পর নামেন অধিনায়ক ড্যারেন স্যামি। কিন্তু আগের ব্যাটসম্যানদের তৈরি করা মঞ্চে ফিনিশিংটা দিতে পারেননি স্যামি।  স্বদেশি ডোয়াইন ব্রাভোর বলে ৯ রানে বোল্ড হলে আবারও শঙ্কায় পড়ে রাজশাহী।  শেষ দুই ওভারে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান।  আবুল হাসান ৫ রান করে আউট হলে শঙ্কার মাত্রা বাড়ে আরও।  যখন শেষ ওভারে দরকার ৯ তখন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ ছয় ও পাঁচ রানে অপরাজিত থেকে দুরন্ত এক জয় এনে দেন রাজশাহীকে। 

/আরএম/