ম্যাচ বল পেলেন মমিনুল

Rajshahi Kings Player Mominul Haque-5আগের দুটি হাফসেঞ্চুরিই বৃথা গেছে মমিনুলের। তবে তৃতীয়টি আর বৃধা যায়নি। তৃতীয় উইকেটে মমিনুল ও সামিত প্যাটেলের ১০০ রানের জুটিতেই মূলত ঢাকার বিপক্ষে ম্যাচ জেতে রাজশাহী কিংস।

 এদিন মমিনুল ব্যাট হাতে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে প্যাটেল ৩৯ বলে খেলেছিলেন ৭৫ রানের বিস্ফোরক ইনিংস।

ম্যাচ সেরার পুরস্কার প্যাটেলের হাতে উঠলেও ম্যাচের বলটির মালিক হয়েছেন মমিনুল হক সৌরভ। রাজশাহী কিংসের জয়ের পর সেরা পারফরম্যান্সের জন্য ম্যাচ বলটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়।

এ প্রসঙ্গে রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রতিটা জয়ের পর আমরা সেরা পারফরমারকে ম্যাচের বলটা উপহার দেই। সামিত প্যাটেলও খুব ভালো খেলেছে, কিন্তু আজকে বলটি পেয়েছে মমিনুল। আমি মনে করি, ফিল্ডিং করার সময় দুটি ক্যাচ ছাড়া মমিনুল ব্যাটিংয়ে নিজের দৃঢ়তা দেখিয়েছে।’

 বিপিএল-এ রাজশাহী কিংসের সবচেয়ে সফল ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ। ৭ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিতে তার রান সংখ্যা ২১৬। যা তালিকাতে চতুর্থ। মমিনুলের ব্যাটিং প্রসঙ্গে স্যামি বলেছেন, ‘সে ছোটখাটো গড়নের। কিন্তু সে দারুণভাবে মাথা উঁচু করে খেলেছে এবং আমাদের জেতার মতো জায়গায় নিয়ে গেছে। আমরা সেখান থেকেই জিতেছি।’

 /আরআই/