প্রথম ১৩ বলে ৭ রান করা ক্রিস গেইল। পরের ৩৩ রান করেছেন মাত্র ১৩ বলে। শুরুতে স্লো ব্যাটিং করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। শেষ পর্যন্ত ২৬ বলে দুই চার ও চার ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন।
আফ্রিদিরি ওভারে চতুর্থ ও পঞ্চম বলে পর পর দুই বলে ছক্কা মেরে শেষ বলে আনোয়ার আলীর হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন ক্রিস গেইল। স্কয়ার লেগের উপর দিয়ে বিশাল ছক্কার পর পরের ছক্কাটি মারেন স্টেইট ড্রাইভে। এর আগে অবশ্য সোহাগ গাজীর দুটি বলকে সীমানা ছাড়া করেন। শুরুতে গাজীকে খুব দেখে শুনে খেলছিলেন। প্রথম তিন ওভারে ৭ রান দেওয়া গাজী শেষ ওভারে দিয়েছেন ১৬ রান! যার সবটুকুই নিয়েছেন ক্রিস গেইল। এছাড়া রুবেলকে দুটি চার মারেন ক্যারিবিয়ান এই তারকা।
গেইলের বিস্ফোরক ইনিংসের দিনে তামিমও বসে থাকেননি। চলতি আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৪৮ বলে ৯ চার ও এক ছয়ে ৬২ রানের ইনিংস খেলেছেন। তার এই ইনিংসের সুবাদে সেরা সংগ্রহের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তামিম। ৩০৩ রান নিয়ে শীর্ষে আছেন মুশফিক। তামিমের রান সংখ্যা ২৮৫।
/আরআই/