মিরাজ-রেজার ব্যাটে ১২৮ রান রাজশাহীর

মিরাজ-রেজার ব্যাটে ১২৮ রান রাজশাহীরফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজের অদম্য ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে সাত উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছে রাজশাহী কিংস।

টসে জিতে ব্যাট করতে নেমে রাজশাহী ৯.২ ওভারে ৪৩ রানেই হারায় সাতটি উইকেট! যেখান থেকে তাদের টেনে তোলেন ফরহাদ রেজা ও মিরাজ। এই জুটিই দলকে দেয়  লড়াই করার মতো সংগ্রহ। 

জুনায়েদ সিদ্দিকের দুই রানের বিদায় দিয়ে বিপদ শুরু রাজশাহীর। রুবেল হোসেনকে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইনড হন এই ওপেনার। আরেক ওপেনার মমিনুল হককে ফেরান বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। বোলার্স ব্যাক ড্রাইভ করতে দিয়ে সানির হাতে বল জমা দেন ৯ রান করা মমিনুল।

এরপর বড় ধস নামে রাজশাহী ব্যাটিং লাইন আপে। ক্রিজে থিতু হতে দেখা যায়নি কাউকেই। সামিত প্যাটেল ২, আবুল হাসান ২, উমর আকমল ১,ড্যারেন স্যামি ৫ রান করে ফেরেন সাজঘরে। এমন কোনও ভীতিকর বোলি করছিল না রংপুর, তবু ৪১ রানে ছয়টি উইকেট হারায় রাজশাহী।

তবে ব্যতিক্রম ছিলেন সাব্বির রহমান। টিকে থাকার চেষ্টায় ছিলেন। কিন্তু শহীদ আফ্রিদির অসাধারণ ক্যাচে তাকেও বিদায় নিতে হয়। একটু জোরের ওপরেই বলটি ছেড়েছিলেন আফ্রিদি। সামনে এগিয়ে আসা সাব্বির বলের গতিতে বিভ্রান্ত হন। প্যাডে ব্যাটে হয়ে বল উঠে যায় ওপরে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে বল ধরে ফেলেন আফ্রিদি। ২০ বলে ২টি চারে ১৬ রান করেছিলেন সাব্বির। এরপরেই দলকে বাঁচানোর দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা। অষ্টম উইকেটে অপরাজিত ৮৫ রানের জুটিতে চিত্রটা পাল্টে দেন তারা। বিশেষ করে মিরাজের ব্যাটিং ছিল অনন্য। স্লগ বা ব্যাকরণহীণ কোনও শট খেলেননি। ক্রিকেটীয় শট খেলেই ৩৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৪১ রানে অক্ষত রাখেন নিজের উইকেট। শেষ দিকে অধিকাংশ রানই আসে তার ব্যাট থেকে। ফরহাদ রেজা ৩২ বলে ২টি চার ও ছক্কার মারে ৪৪ রানে ছিলেন অপরাজিত।

/আরএম/এফআইআর/