শুধু ক্রিকেটের কথা মাথায় রাখলে বিজয় দিবস ক্রিকেট শুধুই একটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা বিবেচনায় নিলে এ ম্যাচ সবকিছুকে ছাড়িয়ে। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাতে প্রতিবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে থাকে এ ম্যাচ। দুই শহীদ ক্রিকেটারের নামে দুই দল ভাগ হয়ে মুখোমুখি হয় একে অপরের। শুক্রবার বাংলাদেশের বিজয় দিবসের ৪৫ বছর পূর্তিতেও তার ব্যতিক্রম হলো না। এ ম্যাচে শহীদ মুস্তাক একাদশ ৬ উইকেটে হারায় শহীদ জুয়েল একাদশকে।
এ ম্যাচ আরেকটি দিক থেকে অনন্য। সাবেক বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এটা মিলনমেলা। একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় না নেমে দলের খেলোয়াড়রা উপভোগ করে থাকেন সময়টা। এদিনও হলো। শুরুটা মাতিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। শহীদ মুস্তাক একাদশ টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে শহীদ জুয়েল একাদশের এ অধিনায়ক অপরাজিত ৩৬ রান করেন। দেশের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি খেলেন ২৮ রানের ইনিংস। এই দুই পারফরম্যান্সে ২০ ওভারে শহীদ জুয়েল একাদশ করে ৫ উইকেটে ১৪৫ রান।
লক্ষ্যে নেমে শহীদ মুস্তাক একাদশ দারুণ শুরু করে। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় করেন ৩৮ রান। হারুন উর রশিদ লিটন, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার খুব বড় কোনও অবদান রাখতে পারেননি। যথাযোগ্য দায়িত্ব পালন করেন মিনহাজুল আবেদীন নান্নু। ৪ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪৮ রানে অপরাজিত ছিলেন মিনহাজুল এবং আকরাম খান টিকে ছিলেন ১২ রানে।
/এফএইচএম/