সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাবটা ভালোভাবেই দিচ্ছে স্বাগতিক ভারত। লোকেশ রাহুলের চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৯১ রান সংগ্রহ করেছে বিরাট কোহলির দল। তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে এগিয়ে গেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রাহুলকে। কারণ এক রানের জন্য মিস করেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি! দিনের শেষ দিকে রশিদের বলে বাটলারকে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় ভারতীয় ওপেনারকে।
শেষ দিকে বিদায় নিলেও দিনের শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন রাহুল। তার ও পার্থিবের জুটিতে প্রথম সেশনে দাপট দেখায় স্বাগতিকরা। পার্থিব প্যাটেলকে সঙ্গে নিয়ে আগের দিনের জুটিকে নিয়ে যান ১৫২ রানে। যদিও প্যাটেলকে বিদায় দিয়ে খানিকটা দৃশ্যপট পাল্টে দেয় ইংলিশরা। চা বিরিতর সময় ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫৬। দীর্ঘদিন পর ফেরা প্যাটেল এই টেস্টেও খেলছেন ধারাবাহিক। করেছেন ৭১ রান। অধিনায়ক কোহলি অবশ্য ছিলেন নিজের ছায়া হয়েই। বিদায় নেন ১৫ রান করে।
৪ উইকেট গেলেও ইংলিশদের প্রথম ইনিংসে করা ৪৭৭ রানের জবাবটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েই দিচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা। ক্রিজে আছেন করুন নায়ার ৭১ ও মুরালি বিজয় ১৭।
চেন্নাই টেস্টে এই মুহূর্তে ভারতের দাপট থাকলেও চিদাম্বারাম স্টেডিয়ামে ব্যাটিং স্বর্গের পিচে এই মুহূর্তে ড্রই সম্ভাব্য ফল হিসেবে দেখা যাচ্ছে! যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্তই।
/এফআইআর/