মাশরাফিদের বরণ করে নিলেন ক্রাইস্টচার্চের বাংলাদেশিরা

ভক্তদের সঙ্গে মাশরাফিখেলোয়াড়দের কয়েকজন প্রবাসীদের অনুরোধে তাদের সঙ্গে ছবি তোলেন। ছবির জন্যে সবার তাড়াহুড়া দেখে বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ অলরাউন্ডার সাকিব আল হাসান মজা করে বলেন, ‘অত তাড়াহুড়ার কী আছে। আমরা তো এখানে কয়েকদিন আপনাদের সঙ্গে থাকব।’

শুক্রবার বৃষ্টিভেজা বিকালে অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চ এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ২-২৫ মিনিটে এয়ার নিউজিল্যান্ডের এনজেড ৫২৭ ফ্লাইটটি আসার কথা থাকলেও তা পৌঁছেছে কিছুটা দেরিতে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়দের বের হতে বিকাল সোয়া তিনটার মতো বেজেছে। ক্রাইস্টচার্চ বিমানবন্দরে প্রিয়  দলটিকে অভ্যর্থনা জানান একদল প্রবাসী বাংলাদেশি।

৮৫ মিনিটের ফ্লাইটে উড়ে এসে বিমানবন্দরে বাংলাদেশ দলের সদস্যরা বেশ ক্যাজুয়াল মুডেই ছিলেন। খেলোয়াড়দের কয়েকজন প্রবাসীদের অনুরোধে তাদের সঙ্গে ছবি তোলেন। ছবির জন্যে সবার তাড়াহুড়া দেখে বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ অলরাউন্ডার সাকিব আল হাসান মজা করে বলেন, ‘অত তাড়াহুড়ার কী আছে। আমরা তো এখানে কয়েকদিন আপনাদের সঙ্গে থাকব। একসঙ্গে অনেক ছবি তোলা যাবে। গল্প করা যাবে ‘ অভ্যর্থনার জবাবে বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।’

ভক্তদের সেলফির আবদার মেটালেন সাকিবওপেনার ইমরুল কায়েসের প্রতিক্রিয়াটা ছিল এমন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মিলিয়ে আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করি আমরা এখান থেকে ভালো একটি সূচনা করতে পারব।’ যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি দলের কোচ হাতুরাসিংহে।

বিমানবন্দর পর্ব শেষে টিম বাসে করে বাংলাদেশ দল চলে যায় ক্রাইস্টচার্চের হোটেল লাটিমারে। ক্রাইস্টচার্চের দিনগুলোয় এই হোটেলেই থাকবে বাংলাদেশ দল। শনিবার এখানকার হেগলি ওভালে প্রথম অনুশীলন করবে বাংলাদেশ দল। আগামী সোমবার ২৬ মার্চ এই ওভালেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সঙ্গে হবে আরেক পরীক্ষাও। কারণ এর আগে বাংলাদেশ দল দেশের মাটিতে অনেক দিন ধারাবাহিক ভালো খেলেছে, এবার তাদের দেশের বাইরে ভালো খেলার এবং জয়ের পরীক্ষা দিতে হবে।

মুশফিককে ফুল দিয়ে বরণউল্লেখ্য এই নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে বাংলাদেশ দল কোটি টাকা ব্যয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছে অস্ট্রেলিয়ায়। সেখানে নর্থ সিডনি ওভালে সিডনি সিক্সারের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জিতলেও পরের খেলায় হেরেছে। হার দিয়ে শুরু হয়েছে নিউজিল্যান্ড সফরও। অকল্যান্ডের হোয়ানগারেইতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হেরেছে মাশরাফি বাহিনী। হোয়ানগারেইতে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আধ ঘন্টার বেশি সময় পর শুরু হয় খেলা। বাংলাদেশ ইনিংসের একাদশ ওভার শেষে আবার বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ৪৩ ওভারে নেমে আসে। ওই ৪৩ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান করতে পারে অতিথিরা। কিন্তু স্বাগতিকরা ৪১.৪ ওভারে ৭ উইকেটে পৌঁছে যায় সে লক্ষ্যে।

লাল-সবুজের পতাকা নিয়ে টাইগারদের জন্য ভক্তদের অপেক্ষাসব মিলিয়ে তিন শ’র মতো প্রবাসী বাংলাদেশি আছেন ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ শহরটিতে স্বদেশি দলের আগমন উপলক্ষ্যে তাদের মধ্যে অন্যরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এদের অনেকে দেশ থেকে আনিয়েছেন দলের জার্সি। বাংলাদেশের লাল সবুজ পতাকা, বাঘের পুতুল সহ আরও অনেককিছু। এসব নিয়ে বিজয়ের মাসে দলের খেলা দেখার প্রস্তুতি, তাদের আবেগ-অনুভূতির পারদ তাই ছুঁয়েছে আকাশ। যা আসলে ভাষায় প্রকাশের নয়।

/কেআর/