ভালো শুরু ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা

আমলাকে ফিরিয়ে লাকমলের উদযাপনউদ্বোধনী দুই ব্যাটসম্যানের কাছ থেকে শতাধিক রানের জুটি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সুরাঙ্গা লাকমলের পেসে শ্রীলঙ্কাও দিনটা সমানে সমান লড়াই করেছে।

পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। স্টিফেন কুক ও ডিন এলগারের জুটিতে ১০৪ রান করে তারা। তবে এক রানের ব্যবধানে দুই ওপেনার ফিরে গেলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রভাব পড়ে দলে। প্রথম দিন স্বাগতিকরা ৬ উইকেটে ২৬৭ রান করেছে।

কুক ও এলগার লঙ্কান বোলারদের কঠিন সময়ের মুখোমুখি করেছিলেন। লাকমলের পেসে অবশেষে তাদের জুটি ভাঙে। ব্যক্তিগত ৫৯ রানে দিনেশ চান্দিমালের গ্লাভসে ধরা পড়েন কুক। দল আর ১ রান যোগ করতেই ব্যক্তিগত ৪৫ রানে একইভাবে লাকমলের শিকার হন এলগার। এরপর হাশিম আমলা (২০) জেপি ডুমিনির সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে ধাক্কাটা সামাল দেন। লাকমল ও চান্দিমালের সম্মিলিত চেষ্টায় এবার সাজঘরে ফেরেন আমলা।

ডুমিনির অপ্রতিরোধ্য ৬৩ রানের ইনিংস থামান রঙ্গনা হেরাথ। ফাফ ডু প্লেসিস ভালো কিছুর ইঙ্গিত দিয়ে লাকমলের চতুর্থ শিকার হন ৩৭ রানে। দক্ষিণ আফ্রিকা ২৫৩ রানে ৬ উইকেট হারালে কুইন্টন ডি কক ও ভারনন ফিল্যান্ডার প্রতিরোধ গড়েন। ডি কক ২৫ ও ফিল্যান্ডার ৬ রানে খেলে দিন শেষ করেন। লাকমল ৪টি ও হেরাথ ২টি উইকেট নিয়ে দিন শেষ করেছেন।

/এফএইচএম/